আলম আরা মিনুর কণ্ঠে ‘কৃষ্ণ কালা’
বাংলা গানের শ্রোতাদের জন্য নতুন উপহার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আলম আরা মিনু। তার কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন মৌলিক গান ‘কৃষ্ণ কালা’। ভিন্নধর্মী কথা, সুর ও সংগীতায়োজনে তৈরি গানটি ইতোমধ্যে ইউটিউবে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। নতুন এ গান নিয়ে আশাবাদী শিল্পী নিজেও।
‘কৃষ্ণ কালা’ গানটির কথা ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল। সংগীতায়োজন করেছেন আলামিন খান। আর গানটির দৃশ্যায়নে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তৌফিক। গানের সুর ও কথার সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিওটি দৃষ্টিনন্দনভাবে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন গানটি প্রসঙ্গে আলম আরা মিনু বলেন, গানটির কথা ও সুর তার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর একেবারে ভিন্ন ধাঁচের একটি মৌলিক গান গাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। গানটি কিছুটা বাণিজ্যিক ঘরানার হলেও এর কথা, সুর ও সংগীতায়োজনে রয়েছে আলাদা বৈশিষ্ট্য।
মিনু বলেন, গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর একদম ভিন্ন ধাঁচের একটি মৌলিক গান গাইলাম। গানটি একটু বাণিজ্যিক ঘরানার; তবে এর কথা, সুর ও সংগীতায়োজনের মধ্যে বেশ ভিন্নতা রয়েছে।
মিউজিক ভিডিও নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন এ শিল্পী। তার প্রত্যাশা, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের হৃদয় ছুঁয়ে যাবে। এমন একটি সুন্দর গান গাওয়ার সুযোগ করে দেয়ায় গীতিকার ও সুরকার প্রসেনজিৎ মণ্ডলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
নতুন গান প্রকাশের পাশাপাশি নানা আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলম আরা মিনু। সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘গান বাক্স’ অনুষ্ঠানে অংশ নিয়ে ‘কিছুটা ভালোবাসি’ শিরোনামের একটি মৌলিক গান পরিবেশন করেছেন তিনি। লালন লোহানীর লেখা এবং নাজির মাহমুদের সুরে তৈরি গানটি তার কণ্ঠে নতুন মাত্রা পেয়েছে।
এদিকে, খুব শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভিতে প্রচারিত হবে আলম আরা মিনুর একটি বিশেষ সাক্ষাৎকার। সেখানে তার সংগীতজীবন, কাজের অভিজ্ঞতা এবং নতুন পরিকল্পনা নিয়ে কথা উঠে আসতে পারে।
নতুন মৌলিক গান নিয়েও তার ব্যস্ততা কম নয়। আগামী কয়েক দিনের মধ্যে জহুরুল ইসলাম জনির কথা ও সুরে একটি এবং মান্নান মোহাম্মদের সুরে আরও একটি মৌলিক গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে এই শিল্পীর। ফলে একের পর এক নতুন গানে শ্রোতাদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
শুধু তাই নয়, বাংলাদেশ টেলিভিশনের জন্য আলম আরা মিনুর নিজের সুর করা গান নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান তৈরির পরিকল্পনাও রয়েছে। মৌলিক গাননির্ভর এ আয়োজনে তার নিজের সুর করা গানের পাশাপাশি অন্য গুণী সুরকারদের গানও স্থান পাবে। এ আয়োজনের মাধ্যমে শ্রোতারা শিল্পীর সংগীতচর্চার আরেকটি দিক জানার সুযোগ পাবেন।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে বাংলা গানের জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন আলম আরা মিনু। ‘যে মাটির বুকে লুকিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’, ‘রাজপ্রাসাদের সুখ চাই না আমি’, ‘সেই তারা ভরা রাতে’, ‘সোনা দানা দামি গহনা’, ‘যে বাতাসে ফুটে ফুল’ এবং ‘তারপর একযুগ কেটে গেলো’-এর মতো গান তাকে শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত করেছে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন গান পরিবেশনের পাশাপাশি নিজের সংগীতের স্বকীয়তা ধরে রাখার চেষ্টা করছেন এ শিল্পী। ‘কৃষ্ণ কালা’ সেই ধারাবাহিকতায় তার নতুন সংযোজন। এখন দেখার বিষয়, নতুন গানটি শ্রোতাদের মধ্যে কতটা সাড়া জাগাতে পারে।
সবার দেশ/কেএম




























