নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং তার বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে পরে পুলিশ তাকে নিরাপদ স্থানে নিয়ে যায়।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালন আখড়াবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাসীরুদ্দীনের সঙ্গে থাকা এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন তার সফরসঙ্গীরা।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি তার জানা নেই। তিনি কখন এবং কী কারণে সেখানে এসেছেন, তা পুলিশকে জানানো হয়নি। ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নাসীরুদ্দীনের সফরসঙ্গী ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্যসচিব শোভন আহমেদ জানান, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন ব্যক্তিগতভাবে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে বের হয়েছিলেন। বিকেলে তারা শিলাইদহ পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় যান ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে। সেখানে গান শুনে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
শোভন আহমেদের ভাষ্য অনুযায়ী, আখড়াবাড়ি থেকে বের হওয়ার সময় দুজন নারী নাসীরুদ্দীনের সঙ্গে ছবি তোলার কথা বলেন। ঠিক সে মুহূর্তে তাকে লক্ষ্য করে একজন ডিম ছোড়েন। এর পরপরই ২০ থেকে ২৫ জন যুবক সেখানে এসে উচ্চস্বরে গালাগালি শুরু করেন। তাদের মধ্যে একজন নাসীরুদ্দীনকে উদ্দেশ করে বলেন, ‘তুই এখানে কেনো আসছিস।’ একপর্যায়ে তারা তাকে মারতে উদ্যত হন।
তিনি আরও বলেন, হামলাকারীদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা ছিলো। এ সময় নাসীরুদ্দীনকে রক্ষা করতে তার সঙ্গে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে রাখেন। হামলায় কয়েকজন নেতা আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, দুই থেকে তিন মিনিটের মধ্যেই পুরো ঘটনা ঘটে। পরে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে রাখা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভেঙে দেয়া হয়।
এ ঘটনায় এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে থাকলে তা অবশ্যই নিন্দনীয়। ছাত্রদল ‘মব কালচারের’ রাজনীতিতে বিশ্বাস করে না। এ ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই জড়িত থাকতে পারে না।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে। তবে হামলার কারণ এবং কারা এতে জড়িত, সে বিষয়ে পুলিশি তদন্তের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম




























