Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫১, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৈরী আবহাওয়া, যুদ্ধ ও বাণিজ্যিক অস্থিরতার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও বেড়েছে। ২০২৬ সালের আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে।

এফএওর তথ্য অনুযায়ী, আগস্টে খাদ্যপণ্যের আন্তর্জাতিক মূল্যসূচক ১৩৩ দশমিক ৩ পয়েন্টে দাঁড়িয়েছে। জুলাইয়ে সংশোধিত এ সূচক ছিলো ১৩০ দশমিক ৮ পয়েন্ট। অর্থাৎ এক মাসের ব্যবধানে সূচক বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। এক বছর আগের তুলনায়ও খাদ্যপণ্যের দাম ২ দশমিক ৫ শতাংশ বেশি।

ইউরোপে তীব্র দাবদাহ ও খরা, এশিয়ায় সম্ভাব্য এল নিনোর প্রভাব এবং ইউক্রেন ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের পাশাপাশি কৃষিপণ্যের বাণিজ্য ও পরিবহনব্যবস্থায় বিঘ্ন—সব মিলিয়ে বৈশ্বিক খাদ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। বিশেষ করে কৃষিপণ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরবরাহপথ কৃষ্ণসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক বিঘ্ন বাজারে চাপ তৈরি করেছে।

এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি বাজারে ঝুঁকি ফিরে আসার একটি সতর্কসংকেত। জলবায়ুজনিত ধাক্কা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য ও পরিবহনব্যবস্থায় বিঘ্নের কারণে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ছে।

আগস্টে এফএওর খাদ্যশস্য, ভোজ্যতেল, চিনি, মাংস ও দুগ্ধজাত—সব প্রধান পণ্যের মূল্যসূচকই বেড়েছে। এর মধ্যে খাদ্যশস্যের মূল্যসূচক আগের মাসের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়ে ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ভোজ্যতেলের মূল্যসূচক আগস্টে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। এর ফলে এ সূচক ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

চিনির বাজারে মূল্যবৃদ্ধি ছিলো সবচেয়ে বেশি। আগস্টে চিনির মূল্যসূচক ১১ দশমিক ৯ শতাংশ বেড়ে ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে ইউরোপে কৃষি উৎপাদন নিয়ে উদ্বেগ বাড়ছে। তীব্র গরম ও খরার কারণে ভুট্টা এবং বিট থেকে চিনি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পশুপালনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এশিয়ায় সম্ভাব্য এল নিনোর প্রভাবে পাম তেল ও চিনি উৎপাদন নিয়েও উদ্বেগ রয়েছে।

এদিকে পৃথক পূর্বাভাসে এফএও জানিয়েছে, ২০২৬ সালে বিশ্বে মোট শস্য উৎপাদন ২ দশমিক ৯৮০ বিলিয়ন মেট্রিক টন হতে পারে। জুলাইয়ের পূর্বাভাসের তুলনায় নতুন হিসাব ৩ দশমিক ৪ মিলিয়ন মেট্রিক টন কম।

নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বৈশ্বিক শস্য উৎপাদন প্রায় ২ শতাংশ কমতে পারে। এফএওর হিসাবে, এমনটি হলে ২০১৮ সালের পর এক বছরে বৈশ্বিক শস্য উৎপাদনে এটিই হবে সবচেয়ে বড় পতন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগরীয় অঞ্চল দিয়ে শস্য রপ্তানিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাত ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ সারের বাজারেও চাপ তৈরি করছে। এসব পরিস্থিতি বৈশ্বিক খাদ্য সরবরাহ ও দামের ওপর বাড়তি ঝুঁকি তৈরি করছে।

সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৬ সালের আগস্টে বৈশ্বিক খাদ্যবাজারে মূল্যবৃদ্ধির পেছনে জলবায়ুজনিত ঝুঁকি ও ভূরাজনৈতিক অস্থিরতা একসঙ্গে কাজ করছে। ফলে আগামী মাসগুলোতে খাদ্যপণ্যের সরবরাহ ও দামের গতিপথ বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন-হাসিনাকে গয়েশ্বর
১১ দলের লংমার্চ শুরু, বাধা দিলে ১ দফার হুঁশিয়ারি
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ
বেলুচিস্তানে সেনা অভিযানে ৪৮ সন্ত্রাসী নিহত
মালদ্বীপে ১০ মে’র পর ভারতীয় সেনা থাকবে না: মুইজ্জু
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
দিল্লিতে মুষলধারে বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
বার্সেলোনার আয় ছাড়ালো ১ বিলিয়ন ইউরো
ডিবি কার্যালয়ে সেদিন কী ঘটেছিলো, জানালেন সারজিস
উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত শুভ জন্মাষ্টমী
বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন—বিএনপির অর্জন: ড. মোশাররফ
লেখকের ঋণ ১.২ বিলিয়ন ডলার, বই লিখেছেন ধনী হওয়ার উপায়!
এসআরবি প্রতিষ্ঠা নতুন মোড়কে র‍্যাবকে ফিরিয়ে আনা: নাহিদ ইসলাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই রইলো: টিআইবি
সেফটি ভালভের ত্রুটিতে অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ