Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৫৯, ৩০ মে ২০২৬

আপডেট: ০৮:০১, ৩০ মে ২০২৬

নিরাপদ বিশ্বের জন্য আত্মত্যাগ ও সাহসিকতার স্বীকৃতি

বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা জাতিসংঘের

বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা জাতিসংঘের
ছবি: সংগৃহীত

বিশ্বের সংঘাত, সহিংসতা ও অস্থিরতাপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাও বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে দেয়া বার্তায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সংঘাতপ্রবণ এলাকাগুলোতে ৫০ হাজারেরও বেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে চার হাজারের বেশি বাংলাদেশি সদস্য রয়েছেন, যারা সাহস, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করছেন।

প্রতি বছরের মতো এবারও ২৯ মে পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিলো ‘শান্তিতে বিনিয়োগ’। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে শান্তিরক্ষীদের আত্মত্যাগ, অবদান এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় তাদের ভূমিকার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৯৪৮ সালে শান্তিরক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার শান্তিরক্ষী দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। শুধু গত বছরেই বিভিন্ন মিশনে নিহত হয়েছেন ৫৯ জন শান্তিরক্ষী। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহাসচিব গুতেরেস বলেন, অতীত ও বর্তমানের সব শান্তিরক্ষী মানবতার সেবায় অসাধারণ অবদান রেখে গেছেন।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে মোতায়েন শান্তিরক্ষীরা শুধু বেসামরিক জনগণকে সুরক্ষা দিচ্ছেন না, বরং সংঘাত নিরসন, মানবিক সহায়তা কার্যক্রম তদারকি, নির্বাচন আয়োজন এবং রাজনৈতিক সমাধানের পথ সুগম করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নিজ দেশ থেকে বহু দূরে গিয়ে অত্যন্ত প্রতিকূল পরিবেশে তারা দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের স্মরণ করে গুতেরেস বলেন, শান্তির জন্য কাজ করতে গিয়ে কারও মৃত্যুই কাম্য নয়। তিনি তাদের আত্মত্যাগকে বিশ্বশান্তি প্রতিষ্ঠার সংগ্রামের এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

শান্তিরক্ষীদের ওপর হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করে জাতিসংঘ মহাসচিব সদস্য রাষ্ট্রগুলোর প্রতি তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, শান্তিরক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।

গুতেরেস আরও বলেন, শান্তিরক্ষা কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থিতিশীলতা ও আশা পুনঃপ্রতিষ্ঠার একটি কার্যকর এবং সাশ্রয়ী মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে। তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে টেকসই রাজনৈতিক অঙ্গীকার এবং নির্ভরযোগ্য অর্থায়নের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, শান্তিরক্ষায় বিনিয়োগ মানে একটি নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যতে বিনিয়োগ। যারা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার কাজকে সম্ভব করে তুলছেন, তাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখতে হবে।

বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শান্তিরক্ষীদের অবদান বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতায় আরও বেশি বিনিয়োগের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। তাদের ত্যাগ ও দায়িত্ববোধ শান্তি প্রতিষ্ঠার গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছে।

জাতিসংঘ আরও জানিয়েছে, দায়িত্ব পালনকালে শান্তিরক্ষীরা প্রায়ই নানা ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হন। এ কারণে তাদের সুরক্ষা, সক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে গৃহীত উদ্যোগগুলো আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

দিবসটি উপলক্ষে আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের শান্তিরক্ষী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই দিনে দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের স্মরণে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদক প্রদান অনুষ্ঠানেও তিনি সভাপতিত্ব করবেন।

এছাড়া অনুষ্ঠানে ‘ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার’ এবং ‘ইউএন ওম্যান পুলিশ অফিসার অব দ্য ইয়ার’ পুরস্কারও প্রদান করা হবে। দিবস উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ-পিয়ের লাক্রোয়া।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন বাজি রেখে কাজ করা হাজারো শান্তিরক্ষীর আত্মত্যাগ ও অবদান স্মরণে এবারও আন্তর্জাতিক সম্প্রদায় একাত্মতা প্রকাশ করেছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের সাহসিকতা ও পেশাদারিত্বকে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা জাতিসংঘের
মেঘনার চরে ঝড়ে আটকা দুই শতাধিক পর্যটক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ
রাস্তায় কোরবানির বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই কর্মকর্তা বরখাস্ত
জিয়াউর রহমান: জাতীয় পুনর্জাগরণের রূপকার
চামড়া পাচার ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার
পানির দামে চামড়া, ক্রেতা সংকটে রাস্তা-নদীর পাড়ে স্তূপ
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজ তোপের মুখে, বক্তব্য প্রত্যাহার
পাকিস্তানকে চাপে ফেলতে গিয়ে কূটনৈতিক চ্যালেঞ্জে ভারত
প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি রেজাউল হক
ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত
আমেরিকার জরুরি তেলের ভান্ডার দ্রুত খালি করছেন ট্রাম্প
ঈদেও ভাঙলো না চামড়াবাজারের অচলাবস্থা
ভাইরাল সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে মিরপুর চিড়িয়াখানায়