জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী, আলেম, ক্রীড়াবিদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ৬৫০ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে তাদের দলে বরণ করে নেয়া হয়। জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নবাগতদের ফুল ও ইসলামিক বই উপহার দিয়ে স্বাগত জানান।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মাসব্যাপী দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত এ সমাবেশের আয়োজন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতে যোগ দেয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ।
ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে রয়েছেন আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও ডা. হুমায়ন কবির। এ ছাড়া ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদও জামায়াতে যোগ দেন।
রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন, ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু এবং ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমরের নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যেও বেশ কয়েকজন জামায়াতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ কোল্লল, কওমি আলেম মুফতি আবুল কালাম আজাদ মাদানী, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন (রসুলপুরী) এবং মাওলানা হাসান জামিল।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির ও সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।
অনুষ্ঠানে নবযোগদানকারীদের মধ্যে অ্যাডভোকেট ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, ব্যবসায়ী আবুল আয়েশ খান এবং বিএনপি নেতা ইয়াকুব সরকার বক্তব্য দেন।
এ ছাড়া জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীনও বক্তব্য দেন।
সবার দেশ/কেএম




























