ঢাকাসহ যেসব রুটে ফ্লাইট বন্ধ করলো এয়ার ইন্ডিয়া
ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও ফ্লাইট সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে। এর ফলে ঢাকা-সংযুক্ত একাধিক রুটেও প্রভাব পড়তে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক আকাশপথে বিধিনিষেধ এবং জেট ফুয়েলের অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, এশিয়া অঞ্চলের মধ্যে মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রাখা হবে। পাশাপাশি দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যাও কমিয়ে আনা হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে যাত্রীদের ভোগান্তিতে ফেলার চেয়ে আগেভাগেই রুট সমন্বয় করা হয়েছে, যাতে ফ্লাইট সূচির স্থিতিশীলতা বজায় থাকে।
উত্তর আমেরিকার রুটেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দিল্লি-শিকাগো ফ্লাইট আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দিল্লি থেকে টরন্টো ও ভ্যাঙ্কুভারগামী ফ্লাইটের সংখ্যাও কমানো হয়েছে। তবে মুম্বাই-নেওয়ার্ক রুটে এখন থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
ইউরোপগামী রুটগুলোর মধ্যে প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা ও কোপেনহেগেনের ফ্লাইট সংখ্যাও কমানো হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘জ্বালানি সংকটে সব আন্তর্জাতিক ফ্লাইট জুলাই পর্যন্ত বন্ধ থাকবে’ এমন খবরকে গুজব বলে উল্লেখ করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি জানিয়েছে, এ সমন্বয়ের পরও তারা প্রতি মাসে পাঁচ মহাদেশে ১ হাজার ২০০-র বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে।
এয়ার ইন্ডিয়ার তথ্যমতে, উত্তর আমেরিকায় সপ্তাহে ৩৩টি, ইউরোপে ৪৭টি এবং যুক্তরাজ্যে ৫৭টি ফ্লাইট চালু থাকবে। এছাড়া দক্ষিণ এশিয়া ও দূরপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে সপ্তাহে ১৫৮টি ফ্লাইট পরিচালনা করা হবে।
যেসব যাত্রীর ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তন হয়েছে, তাদের বিকল্প ফ্লাইটে বুকিং, ভ্রমণের তারিখ পরিবর্তন অথবা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরতের সুযোগ দেয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
যাত্রীদের কেবল এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া চ্যানেলের তথ্য অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি
সবার দেশ/কেএম




























