ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ৪৯০টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করার ব্যবস্থা রাখা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে এআই ক্যামেরা ও অটো ফাইন সিস্টেমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে কেউ নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে, ট্রাফিক আইন অমান্য করলে, উল্টো পথে গাড়ি চালালে বা বেআইনিভাবে ওভারটেক করলে ক্যামেরার মাধ্যমে তা শনাক্ত করা হবে। একইভাবে সড়কে দেওয়া বিভিন্ন সাইন ও সিগন্যাল অমান্য করলেও সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করা হবে।
তিনি জানান, ক্যামেরায় কোনো অপরাধ বা আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার পর জরিমানার তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিস্টেমে চলে যাবে। এরপর গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে জরিমানার তথ্য জানিয়ে বার্তা পাঠানো হবে।
গাড়ির মালিক চাইলে মোবাইল ফোন বা সংশ্লিষ্ট অনলাইন ব্যবস্থার মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবেন। এর ফলে মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় ব্যবস্থা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশ বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাবে। এর মাধ্যমে চালক ও সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, এআই ক্যামেরা ও অটো ফাইন সিস্টেম চালুর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কমানোর পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা আরও বাড়বে। তার মতে, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
সবার দেশ/এফও




























