৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ
সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রুটে বিমানের সব নিয়মিত ফ্লাইট বন্ধ থাকবে।
বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার বিষয়ে আগে নেয়া সিদ্ধান্তের মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে এ রুটে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিতাদেশ কার্যকর থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
তবে সৌদি আরবের অন্যান্য গন্তব্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকছে। ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।
এদিকে রিয়াদগামী যাত্রীদের টিকিট, ফ্লাইটের পরিবর্তন এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের ফলে এ সময়ে যাত্রার পরিকল্পনা করা যাত্রীদের ভ্রমণসূচিতে পরিবর্তন আসতে পারে। তাই যাত্রার আগে টিকিটের সর্বশেষ অবস্থা ও ফ্লাইটসংক্রান্ত তথ্য নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
সবার দেশ/কেএম




























