Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৫, ২১ নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদদের স্মরণ, সেনানিবাসে বিশেষ মোনাজাত ও নানা কর্মসূচি; বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা।

সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) সারা দেশে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সকালে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে নীরবতা পালন করেন।

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে বিষাদময় সুর, যা অনুষ্ঠানে শোক ও শ্রদ্ধার আবহ সৃষ্টি করে।

ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত

সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুরু হয় ভোরে। ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও নৌবাহিনীর স্থাপনা এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধানরাও নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দিবসটির আনুষ্ঠানিকতা শেষে তিন বাহিনীর প্রধানের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানের প্রধানমন্ত্রীর সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে এবং রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা স্মারক প্রদান করবেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।

সেনাকুঞ্জে বিকেলে সংবর্ধনা

দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন।

এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধে ঐতিহাসিক অবদানের স্মারক

১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান জোরদার করে। সমন্বিত সামরিক আক্রমণ মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের পথকে আরও ত্বরান্বিত করেছিলো।

স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের এ ঐতিহাসিক দিনটির তাৎপর্য স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, সামরিক ঐক্য এবং মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের স্মারক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের
স্বাস্থ্য খাতে প্রায় ১০ হাজার নিয়োগের পরিকল্পনা
জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল স্বীকার করতে হবে: নাসীরুদ্দিন পাটওয়ারী
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ৪১
পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা
৮১ বছর বয়সে বুকার জয়, ইতিহাস গড়লেন জন হ্যারিসন
শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, দাবি চতুর্থ স্টেজে
সশস্ত্র বাহিনী দিবস: শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
জঙ্গি আ.লীগের বিরুদ্ধে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি
গোপালগঞ্জে বিজিবিকে পানি সরবরাহে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তহীন