স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ
‘রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধি কিংবা কোনো ধরনের প্রতিনিধি মন্ত্রণালয়ে নেই।
রোববার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ কোনও অপরাধ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।
এতে আরও উল্লেখ করা হয়, ২৭ জুলাই বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী হলেও সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার ওপর জোর দিয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের খবর প্রকাশের আগে গণমাধ্যমকে তথ্য যাচাই ও আরও সতর্ক হতে অনুরোধ করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























