Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ১৩ আগস্ট ২০২৫

নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত

গণতন্ত্রকে শক্তিশালী করা ও ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বর্তমান সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই মনোযোগী এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে কঠোর পরিশ্রম করছে।

বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) আয়োজিত বিশেষ সমাবর্তনে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সামাজিক ব্যবসায় অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ইউকেএম চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

ড. ইউনূস বলেন, এ সম্মান আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গ্রহণ করছি। এটি আমাকে তরুণদের স্বপ্ন পূরণের জন্য আমার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি এমন এক বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরেন, যেখানে মানুষ মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে বসবাস করবে, সবাই বৈষম্য ও ভয়ভীতি থেকে মুক্ত থাকবে।

তিনি স্মরণ করেন, গত বছর বাংলাদেশের তরুণরা সাহসিকতার সঙ্গে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। শত শত শিক্ষার্থী ও তরুণ প্রাণ দিয়েছে একটি উন্নত ভবিষ্যতের জন্য, যাতে সবাই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করতে পারে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দেশের জাতীয় পরিচয়ে নতুন অর্থ এবং ভবিষ্যতের জন্য নতুন আশার সঞ্চার করেছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আজ আমরা ন্যায়ভিত্তিক শাসন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সমান সুযোগের নিশ্চয়তা নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার পথে আছি। শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে সরকারের স্পষ্ট লক্ষ্য ও বিস্তারিত পরিকল্পনা রয়েছে, যার প্রতি তারা দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও জানান, শক্তিশালী ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন অপরিহার্য। এর মধ্যে উদ্যোক্তাদের সহায়তা, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা অন্তর্ভুক্ত।

অনুষ্ঠান শেষে ইউকেএম ও ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার নেটওয়ার্কের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কের সদস্যদের সঙ্গে একটি সেশনে যোগ দেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অতিথি বইতে স্বাক্ষর ও নেগেরি সেমবিলানের রাজা, যিনি ইউকেএমের চ্যান্সেলর, তার সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে রয়েছেন।


সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত