Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:৪৩, ২১ নভেম্বর ২০২৫

শিখা অনির্বাণে শ্রদ্ধা, সেনানিবাসজুড়ে সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবস আজ

সশস্ত্র বাহিনী দিবস আজ
ছবি: সংগৃহীত

আজ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিনের শুরুতে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি–সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলাদা বাণী দিয়েছেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন। দিনের অন্য কর্মসূচিতে বাহিনীপ্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে প্রধান উপদেষ্টা নির্বাচিত খেতাবপ্রাপ্ত ১০১ জন বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। সেখানে তিনি শুভেচ্ছা স্মারক প্রদান ও শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা, সেনা–নৌ–বিমানবাহিনী প্রধান, পিএসও, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বেসামরিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দিবসটি উদযাপন উপলক্ষে বিকাল ৪টায় ঢাকার সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন থাকবে। পাশাপাশি বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর ও খুলনার সেনানিবাস/ঘাঁটিতেও এরিয়া সদর দফতরের আয়োজনে অনুরূপ সংবর্ধনা হবে।

ঢাকার বাইরে দেশের বিভিন্ন গ্যারিসন, নৌঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটিতেও দিবসটি উদযাপনে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের দেখার জন্য ঘাটে নোঙর করে রাখা হয়েছে।

দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গত ১৫ মাসে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, শিল্প কারখানায় নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ নানা ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এ ছাড়া তিনি আশা প্রকাশ করেন যে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সশস্ত্র বাহিনী জনগণের সঙ্গে একত্রে কাজ করতে থাকবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাণীতে সশস্ত্র বাহিনীকে ‘নির্ভীক সাহস, শৃঙ্খলা ও শৌর্যের প্রতীক’ উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের রণাঙ্গনে এ বাহিনীর গৌরবময় ভূমিকা জাতির ইতিহাসে অমর হয়ে আছে। তিনি আরও বলেন, স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা