জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে তাদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট নেতাদের।
রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীকের নির্দেশনায় এ নোটিশ দেয়া হয়। সংগঠনের সহ-দফতর সম্পাদক জহিরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
শোকজ পাওয়া ১১ নেতার মধ্যে রয়েছেন শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, নবাব সলিমুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন, আ ফ ম কামাল উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক রিফাত হোসেন ও সভাপতি ফাহাদুর জামান শোভন।
এ ছাড়া শেরে বাংলা এ কে ফজলুল হক হল শাখার সভাপতি সাইফ বিন মাহবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহীদ সালাম-বরকত হল শাখার সভাপতি সাইদুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ হল শাখার সভাপতি ফিরোজ আহমেদ পাপন, আল-বেরুনী হল শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখার সভাপতি হামিদুল্লাহ সালমান।
নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা সত্ত্বেও সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দফতর সম্পাদক বরাবর ব্যাখ্যা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে কিংবা তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হলে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হতে পারে।
সবার দেশ/কেএম




























