Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ১২ জুন ২০২৬

‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে জামায়াতের বিক্ষোভ

‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে জামায়াতের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা দাবি করেছেন, প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং এতে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিলও বের করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, প্রস্তাবিত বাজেটের আকার বড় হলেও এটি মূলত অতিমাত্রায় ঘাটতি ও ঋণনির্ভর। তার দাবি, বাজেটে জনমুখী সংস্কার, উৎপাদনশীল খাতের উন্নয়ন কিংবা অর্থনৈতিক রূপান্তরের কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।

তিনি অভিযোগ করেন, অতীতের মতো এবারও রাজস্ব আহরণে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাস্তবভিত্তিক কোনও কৌশল বা কার্যকর পরিকল্পনা বাজেটে উপস্থাপন করা হয়নি। ফলে বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

জামায়াতের এ নেতা আরও বলেন, প্রস্তাবিত বাজেটে ধনী ও প্রভাবশালী শ্রেণি তুলনামূলক বেশি সুবিধা পেলেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর কর ও ব্যয়ের চাপ বাড়বে। তার মতে, বাজেটের বড় একটি অংশ পরিচালন ব্যয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে, যা উন্নয়ন ব্যয়ের তুলনায় ভারসাম্যহীনতা সৃষ্টি করবে।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি উন্নত ও দক্ষ জাতি গঠনের জন্য শিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়ন খাতে আরও বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন ছিলো। একই সঙ্গে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে কার্যকর পরিকল্পনার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হামিদুর রহমান আযাদের ভাষ্য, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি পেলেও তা মূলত রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে নেয়া পদক্ষেপ, যা দীর্ঘমেয়াদে দারিদ্র্য বিমোচন বা কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে না।

এদিকে একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগেও রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে নেতারা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিকের সমালোচনা করেন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান।

প্রস্তাবিত বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক ও বিস্তারিত প্রতিক্রিয়া জানাতে আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সকাল সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সেখানে দলের শীর্ষ নেতারা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে তাদের বিশ্লেষণ ও আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খুলনা সিটি মেডিক্যালের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ কাঁপালেন শাকিরা-বার্না বয়
মেট্রোরেলের নিচে পশুর হাট, ক্ষতি ৩০ লাখ টাকা
‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে জামায়াতের বিক্ষোভ
উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বাজেট: নাহিদ ইসলাম
তামাকপণ্য সস্তা হওয়ার শঙ্কা, হাতছাড়া হবে হাজার কোটি টাকার রাজস্ব
অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডেতে ইতিহাস গড়লো বাংলাদেশ
৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
হরমুজ প্রণালি ফের বন্ধ করলো ইরান
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সদস্যপদ পেলেন ৩৮ সাংবাদিক
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু আজ, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ইঙ্গিত ইরানের
ভুয়া লাইসেন্সে ১৭ বছর বিমান উড়িয়েছেন পাইলট
বিএনপি নেতার বাড়িতে মলমূত্র নিক্ষেপ করলো আওয়ামীকর্মীরা
মমতার কংগ্রেসে ফেরার জোর গুঞ্জন! সোনিয়ার সঙ্গে বৈঠক