টাকার লোভে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপি: মির্জা আব্বাস
টাকার লোভে বিএনপির কিছু নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলের পরিচয় ব্যবহার করে কেউ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ আসনের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে। কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই। বিএনপির কিছু লোক টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে এ ধরনের তৎপরতা প্রতিহত করতে হবে।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার দেশে ফেরার গুঞ্জনের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন,
আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেয়ার চেষ্টা করছেন বলে তারা খবর পাচ্ছেন। আর বিএনপির ভেতরের কিছু লোভী ব্যক্তি টাকার বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন।
তিনি বলেন, বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির এ নেতা আরও বলেন, শত্রুপক্ষের মিত্ররা কখনও তাদের বন্ধু হতে পারে না। তাই দলের নেতাকর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ নিজের অবস্থান পরিবর্তন বা অতীত পরিচয় আড়াল করার চেষ্টা করলে দল তাকে কোনও ছাড় দেবে না।
মির্জা আব্বাস অভিযোগ করেন,
একটি শ্রেণি নিজেদের সাংগঠনিক শক্তি না থাকায় আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন এলাকায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে। এর মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি পালনে কারও বাধা নেই। সবাই রাজনীতি করতে পারবেন। তবে কোনও ধরনের অপকর্ম বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপির নেতাকর্মীরা নীরব দর্শকের ভূমিকা পালন করবেন না। এ ধরনের কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করা হবে।
সভায় দেশের স্বার্থ ও কল্যাণে বিরোধী দলগুলোকেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
সবার দেশ/কেএম




























