Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪২, ২৭ জুন ২০২৬

সারজিস আলমের বার্তা

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপির পাশে থাকবে এনসিপি

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপির পাশে থাকবে এনসিপি
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় তারা নিহতের কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং সীমান্ত হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

শুক্রবার (২৬ জুন) বিকেলে সীমান্ত এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপির দুই শীর্ষ নেতা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বিএনপি যদি জনগণের স্বার্থ ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ় অবস্থান নেয় এবং ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে কথা বলতে পারে, তাহলে এনসিপি শুধু বিরোধী রাজনৈতিক দল হিসেবেই নয়, দেশের ছাত্র-জনতাও তাদের পাশে থাকবে।

তিনি বলেন, যে কোনও রাজনৈতিক দল যদি দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, তাহলে সে অবস্থানকে জনগণও সমর্থন করবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে যারা প্রাণ হারাচ্ছেন, তাদের একমাত্র পরিচয় তারা বাংলাদেশের নাগরিক। তিনি অভিযোগ করেন, বাংলাদেশি হওয়ার কারণেই সীমান্তে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। এসব ঘটনার বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, শুধু সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। সীমান্তবর্তী এলাকায় হাসপাতাল, স্কুল-কলেজ, কর্মসংস্থান এবং অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সীমান্তবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দিন পাটওয়ারী আরও বলেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতি অনুসরণ করা প্রয়োজন। একই সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে আধুনিক অস্ত্র, টহলযান, উন্নত অবকাঠামো এবং আকর্ষণীয় বেতন-ভাতার মাধ্যমে আরও শক্তিশালী করার দাবি জানান তিনি।

তিনি বলেন, এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সীমান্তে নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে। ভবিষ্যতে সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড যাতে আর না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

সীমান্তবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত এলাকার মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। প্রয়োজনে প্রত্যেক সীমান্তবাসীকেই দেশের নিরাপত্তায় একজন সৈনিকের মতো ভূমিকা পালন করতে হবে।

এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতা করার আহ্বান জানান এনসিপির এ নেতা।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, সীমান্ত এলাকার বাসিন্দা এবং নিহত মুজিব আলীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা