Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫০, ২৪ জুলাই ২০২৬

জুলাই বিপ্লব ছিলো দেশ ও জাতির মুক্তির বার্তা: জামায়াত আমির

জুলাই বিপ্লব ছিলো দেশ ও জাতির মুক্তির বার্তা: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লব ছিলো দেশ ও জাতির মুক্তির বার্তা। তার ভাষায়, আওয়ামী ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের সূচনা করেছিলো এ আন্দোলন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুর-১০ ফলপট্টি সংলগ্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর মিরপুর জোন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী ফ্যাসিবাদ দেশ ও জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিলো। ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আরও পাঁচ বছরের জন্য ক্ষমতা নিশ্চিত করেছে বলে অনেকের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছিলো। কিন্তু আল্লাহ তায়ালা তার রহমত থেকে হতাশ হতে নিষেধ করেছেন। এরপরই জুলাই দেশ ও জাতির মুক্তির পয়গাম নিয়ে আসে। মূলত জুলাই এসেছিলো ঘূর্ণিঝড় হয়ে, আর সে ঝড়েই ফ্যাসিবাদ তাসের ঘরের মতো উড়ে যায়।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, দেশ ছেড়ে যাওয়ার পর তিনি বারবার বলেছেন ‘এই আসলাম’। কিন্তু এভাবে তিনি ১৩ বার ব্যর্থ হয়েছেন।

তিনি শেখ হাসিনাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 

আসুন, যুবসমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত আছে। 

একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বর্তমান সরকার ও সংসদকে জুলাই বিপ্লবের ফসল উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সরকারের উচিত জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সে আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়া।

তিনি বলেন, শুধু বিচার করলেই হবে না। জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করতে হবে। আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের উন্নত চিকিৎসার পাশাপাশি সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জুলাই শহিদদের জাতীয় বীরের মর্যাদা দিতে হবে এবং তাদের পরিবারের সদস্যদেরও যথাযথ রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করতে হবে। কারণ, জুলাই যোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থাপনা ও সড়কের নাম জুলাই শহিদদের নামে নামকরণের দাবিও জানান তিনি। তার মতে, এতে শহিদ পরিবারের সদস্যরা গর্ববোধ করবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে।

গণভোটের বৈধতা নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকার এখন গণভোটের রায়কে অবৈধ বলছে। অথচ প্রধানমন্ত্রী নিজেই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছেন। আমরাও করেছি। গণভোট যদি অবৈধ হয়, তাহলে সরকার ও সংসদও অবৈধ। গোশত হালাল হলেও ঝোল হারাম হওয়ার সুযোগ নেই। তাই গণভোট হারাম হলে সরকারও হারাম। আর সরকার হারাম হলে দেশে কোনও বৈধ সরকার নেই।

তিনি আরও বলেন, জনগণের মতামতের চেয়ে বড় কিছু নেই। জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ, আর প্রয়োজনের তাগিদে সে মতামতকে সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব।

সরকারকে আর সময়ক্ষেপণ না করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এর জন্য সরকারকে চড়া মূল্য দিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক হারুন অর রশীদ খান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, মহানগর পশ্চিম ছাত্রশিবির সভাপতি মুহিবুল্লাহ আল হোসাইনি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শান্ত তালুকদার, শহিদ মাহফুজুর রহমানের বাবা আব্দুল মান্নান এবং শহিদ মোশাররফ হোসেনের বাবা।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়তে মহাপরিকল্পনা
চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ সদস্য
জুলাই বিপ্লব ছিলো দেশ ও জাতির মুক্তির বার্তা: জামায়াত আমির
সিআইএর স্থাপনায় রাশিয়ার সহায়তায় হামলা চালায় ইরান
শুধু পদত্যাগ নয়, চুপ্পুকে গ্রেফতার করতে হবে: নাহিদ
ঢাকার নুসরাত, মুম্বাইয়ের রিয়া—দুই দেশের রাজপথে প্রতিবাদের প্রতীক
সফর সংক্ষিপ্ত করে আজ দেশে ফিরছেন স্পিকার
ওমরাহর পথে সৌদিতে প্রাণ গেলো প্রবাসী মা-মেয়ে-ছেলের
শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি: রয়টার্স
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রায় চূড়ান্ত
বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, ব্রাজিলের কেউ নেই
আগামী ২৪ ঘণ্টায় চার বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
ভারতজুড়ে বিক্ষোভের আগুন, চাপে মোদি
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’ দিবো: নাসীরুদ্দিন পাটওয়ারী