Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ২ জুলাই ২০২৬

আপডেট: ০০:৫৩, ২ জুলাই ২০২৬

বিচারের দাবিতে সরব নেতারা

জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের ক্ষোভ

জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের ক্ষোভ
ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা অভিযোগ করেছেন, জুলাইয়ের ঘটনাকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ গুরুত্ব না দিলে ইতিহাস বিকৃত হওয়ার আশঙ্কা তৈরি হবে এবং গণঅভ্যুত্থানের চেতনা ক্ষতিগ্রস্ত হবে।

বুধবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, গত বছরের মতো এবার সরকার জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে আগেভাগে কোনও রাষ্ট্রীয় কর্মসূচি ঘোষণা করেনি, যা অত্যন্ত হতাশাজনক। তার দাবি, জুলাইয়ের ভয়াবহ দিনগুলোতে আওয়ামী লীগের চালানো গণহত্যার ঘটনাগুলো রাষ্ট্রীয়ভাবে জনগণের সামনে তুলে ধরা না হলে ইতিহাস বিকৃত হওয়ার সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, সরকার সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসে পুরোনো রাজনৈতিক ধারা অনুসরণ করছে। তার অভিযোগ, গণভোটের রায় বাস্তবায়ন না করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থাকা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি এটিকে বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক ভুল বলেও মন্তব্য করেন।

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন বুলবুল। তিনি বলেন, যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে, সে জুলাইকে যথাযথ মর্যাদা না দেয়া জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। একই সঙ্গে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় না থাকলেও শহীদ পরিবার ও আহতদের পাশে ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাচ্ছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

সভায় বক্তব্য দেন জুলাই শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হাসান। তিনি বলেন, গণভোটে জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিলেও সরকার সে রায় বাস্তবায়ন করেনি। তার অভিযোগ, এতে জুলাইয়ের চেতনাকে অস্বীকার করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্রীয় সংস্কার না হলে ভবিষ্যতে আবারও গণআন্দোলন বা বিপ্লবের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

জুলাই শহীদ জিহাদ হোসেনের বাবা মোশাররফ হোসেন অভিযোগ করেন, চাঁদাবাজির উদ্দেশ্যে তার ব্যবসাপ্রতিষ্ঠানে সরকারদলীয় নেতাকর্মীরা একাধিকবার তালা দেয়ার চেষ্টা করেছে।

অন্যদিকে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম বলেন, সরকারপ্রধানের কাছে জুলাই পরিবারের বিষয়ে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, তাদের বিরোধী দলের সমর্থক হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শহীদ রেজাউল করিমের বাবা আল-আমীন মীর, শহীদ আলিফের বাবা সৈয়দ গাজীউর রহমান, আহত জুলাইযোদ্ধা শাহ আলম গাজী, কামরুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, সরকার ইতোমধ্যে আগামী ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের ঘোষণা দিয়েছে। তবে জুলাই মাসজুড়ে পৃথক কর্মসূচি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান এখনও ভিন্ন। জামায়াত, এনসিপিসহ কয়েকটি দল তাদের কর্মসূচি ঘোষণা করলেও বিএনপি আনুষ্ঠানিক কর্মসূচি দেয়নি। তবে ছাত্রদল ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

নারীসহ যুবদল নেতা আটক, হারালেন পদ
‘ফুয়েল আপ–সেলিব্রেশন অব টেস্ট’-এর যাত্রা শুরু
এইচএসসিতে প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার, বহিষ্কার ৭
শার্শায় তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার
নোয়াখালীতে হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং
যুদ্ধের জন্যও প্রস্তুত ইরান, বসেনি বৈঠকে
জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের ক্ষোভ
তিন সাবেক গভর্নরের নথি তলব দুদকের
খামেনি হত্যার প্রতিশোধের ঘোষণা ইরানের, দোষীদের শাস্তির হুঁশিয়ারি
কেইনের জোড়া গোলে শেষ ষোলোতে ইংল্যান্ড
ইকুয়েডরকে উড়িয়ে ৮ বছর পর শেষ ষোলোয় মেক্সিকো
হলি আর্টিজান হামলার ১০ বছর: কারাগারে ছয় আসামি
পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে