Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:২২, ৩ সেপ্টেম্বর ২০২৬

কোনও ব্যবস্থা নেয়া যায়নি

৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ উদ্দেশ্যমূলক নিউজ: হাসনাত

৪৮ ঘণ্টায় আমার বিরুদ্ধে ১০৯ উদ্দেশ্যমূলক নিউজ: হাসনাত
ছবি: সংগৃহীত

একটি মিডিয়া গ্রুপের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক বক্তব্য দেয়ার পর মাত্র ৪৮ ঘণ্টায় নিজের বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বিদ্যমান আইনের সীমাবদ্ধতার কারণে এসব সংবাদের বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এ অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান প্রেস কাউন্সিলের আইনি কাঠামোর কারণে অনলাইন মাধ্যমে প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে কার্যকর প্রতিকার পাওয়ার সুযোগ সীমিত। তার অভিযোগ, এ সীমাবদ্ধতার সুযোগ নিয়ে কিছু প্রতিষ্ঠান তাদের অনলাইন পোর্টালে ব্যক্তিকে লক্ষ্য করে নানা ধরনের অপতথ্য ছড়ালেও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না।

তিনি বলেন, একটি মিডিয়া গ্রুপের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল কথা বলার পর ৪৮ ঘণ্টার মধ্যে আমার বিরুদ্ধে ১০৯টি উদ্দেশ্যমূলক নিউজ হয়েছে। কিন্তু বিদ্যমান আইনের কারণে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায়নি।

বর্তমান প্রেস কাউন্সিলের বিধিবিধানের বিষয়টি তুলে ধরে এনসিপির এ নেতা বলেন, 

প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ থাকলেও একই প্রতিষ্ঠানের অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেয়ার সুযোগ নেই।

তার ভাষ্য, বিদ্যমান প্রেস কাউন্সিলের নিয়ম অনুযায়ী শুধুমাত্র প্রিন্ট মিডিয়ায় ছাপানো অপতথ্য বা বিভ্রান্তিমূলক নিউজের বিরুদ্ধে অভিযোগ করা যায়। সে সুযোগটিকে কাজে লাগিয়ে যারা প্রিন্ট মিডিয়া চালায়, তারা তাদের অনলাইন পোর্টালগুলোতে ব্যক্তিকে আক্রমণ করে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ালেও সেগুলোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া যায় না।

বিরোধী দলের সদস্যদের লক্ষ্য করে নিয়মিত এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে হাসনাত আবদুল্লাহ জানতে চান, অনলাইন মাধ্যমে প্রকাশিত অপপ্রচারের বিরুদ্ধে কীভাবে প্রেস কাউন্সিলে প্রতিকার পাওয়া যাবে। একই সঙ্গে এ বিষয়ে বিদ্যমান আইন সংশোধনের কোনো উদ্যোগ নেয়া হবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু বিরোধী দলের সদস্যরাই নন, দেশের সাধারণ মানুষ, সরকারি দলের বিভিন্ন সদস্য এমনকি প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়েও বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

প্রেস কাউন্সিলের কাঠামো সংস্কারের উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রেস কাউন্সিলকে রিভ্যাম্প করছি। খুব সুন্দরভাবে প্রেস কাউন্সিল পুনর্গঠন করা হবে। আপনি যে অনলাইন পোর্টালের কথা বলেছেন, সে বিষয়টিও আমাদের বিচারাধীন আছে। আমরা এ প্রক্রিয়া অতি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করবো, ইনশাআল্লাহ।

সংসদে আলোচনায় হাসনাত আবদুল্লাহর অভিযোগের পাশাপাশি অনলাইন সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত করতে বিদ্যমান আইন ও প্রেস কাউন্সিলের কার্যক্রম আরও যুগোপযোগী করার প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা