Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৪, ১৮ অক্টোবর ২০২৬

স্বৈরাচারী সরকারের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

স্বৈরাচারী সরকারের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথেই বর্তমান বিএনপি সরকার হাঁটছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় আসার পর গত সাত মাসে বিএনপি সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হওয়ায় এখন থেকে সরকারকে নয়, দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে জামায়াত।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর রাতারাতি নিজেদের অতীত ভুলে গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর পর্যন্ত বিএনপিও তাদের মতো একটি রাজনৈতিক দল ছিলো। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও গণভোটের প্রশ্নে তখন তাদের মধ্যে মতবিরোধ ছিলো না বলে দাবি করেন তিনি।

জামায়াত আমির বলেন, তাদের প্রত্যাশা ছিলো, গণভোট আগে অনুষ্ঠিত হবে, যাতে সংস্কারসংক্রান্ত সিদ্ধান্ত অনিশ্চয়তার মধ্যে না পড়ে। কিন্তু বিএনপি তাতে সম্মত হয়নি। শেষ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একজন সংসদ সদস্যকে দুটি শপথ নেয়ার বিষয়টি জানিয়েছিলো। কিন্তু বিএনপির সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তার অভিযোগ, এ ঘটনার মধ্য দিয়েই বিএনপির উগ্র আচরণ শুরু হয়েছে।

‘বিরোধী দলকে আন্দোলনে ঠেলে দিয়েছে বিএনপি’

বিরোধীদলীয় নেতা বলেন, বিএনপি এখন দাবি করছে, জনগণ পাঁচ বছরের জন্য ভোট দিয়ে তাদের সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। কিন্তু গণভোটের রায় যথাযথভাবে মূল্যায়ন করা হলে বিরোধী দলকে সংসদের বাইরে গিয়ে আন্দোলন করতে হতো না। বিএনপি নিজের অবস্থানের কারণে বিরোধী দলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারি দলের সংসদ সদস্যদের বিশেষ বরাদ্দ দেয়া হলেও বিরোধী দলের কোনও সংসদ সদস্যকে তা দেয়া হয়নি বলে দাবি করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সরকারি দলের ২০৮টি আসনে বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে, অথচ বিরোধী দলের একজন সংসদ সদস্যও বরাদ্দ পাননি। এ ধরনের বৈষম্য সংসদীয় রাজনীতিতে সমান সুযোগ ও সহযোগিতার পরিবেশকে বাধাগ্রস্ত করে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুরোনো রাজনীতির অবসান ঘটবে এবং নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হবে বলে জনগণ আশা করেছিলো। কিন্তু দেশকে আবারও আগের ধারায় ফিরিয়ে নেয়া হচ্ছে। এমনকি মহিষের ওপরও কর আরোপ করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

‘১৮ কোটি মানুষের পাহারাদার হয়ে কাজ করবো’

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, 

শত ইঞ্জিনিয়ারিং, চুরি-চামাড়ির পরও আমাদের বিরোধী দলে বসিয়েছে জনগণ। এসব আসনের ৮৯ জন এমপি দেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হয়ে কাজ করবেন, ইনশা আল্লাহ।

তিনি আরও বলেন, 

বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাবো না। জুলাই সনদ আর গণভোটের গণরায় আমরা আদায় করেই ছাড়বো।

বক্তব্যে নব্য ফ্যাসিবাদের পতন হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, বিভিন্ন ধরনের লোভ-লালসা দেখানো হলেও জামায়াত সেসব প্রত্যাখ্যান করেছে। বিরোধী দল হিমালয়ের মতো অটল থেকে নিজেদের লক্ষ্যপানে এগিয়ে যাবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান তাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

ডা. শফিকুর রহমান বলেন, তারা সরকারের পতন চাওয়ার চেয়ে সরকারের সফলতা চেয়েছিলেন। কারণ, সরকারের সফলতা মানেই দেশের সফলতা। এ কারণেই তারা শুরু থেকেই সরকারকে সহযোগিতা করার কথা বলে আসছিলেন।

সরকারকে সহযোগিতা না করার ঘোষণা

বক্তব্যের শেষ পর্যায়ে জামায়াত আমির বলেন, তারা এতো দিন সরকারকে সহযোগিতা করার কথা বলে আসছিলেন। কিন্তু সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে। এ কারণে এখন থেকে সরকারকে নয়, দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তিনি বলেন, 

আমরা এতোদিন সরকারকে সহযোগিতা করবো বলেছিলাম। আজ থেকে ঘোষণা দিচ্ছি, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবো। এ সরকার আমাদের সহযোগিতা নিতে ব্যর্থ। বিরোধী দলের সহযোগিতা নেয়ার তাদের কোনও যোগ্যতা নেই।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে সরকারের সঙ্গে মতপার্থক্যের বিষয়গুলোও তার বক্তব্যে উঠে আসে। এসব বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তন না হলে বিরোধী দল নিজেদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখবে বলে তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা