প্রধানমন্ত্রীকে সব বলে দিবো: আমির হামজা
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে গেলে জেলার সাম্প্রতিক সহিংসতা ও হামলার ঘটনাগুলো তার কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। এ সময় হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা বিএনপি নেতাদের নাম ধরে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমির হামজা। বুধবার (২৫ নভেম্বর) রাতে কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এবং বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ও ভুক্তভোগী শাজাহান আলী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসবেন। ওই দিন প্রধানমন্ত্রীর কাছে জেলার সাম্প্রতিক ঘটনাগুলো তুলে ধরবেন তিনি। হঠাৎ করে কারা এসব ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
তিনি বলেন,
প্রধানমন্ত্রী আসলে আমি যাবো। ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলবো, এ কাজগুলো এরা ঘটিয়েছে। অবশ্যই তাদের খোঁজখবর নেবো।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতা শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্পট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদ করায় বিএনপির নেতা-কর্মীরা তার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেছেন। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও হামলাকারীদের সঙ্গে ছিলেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় থানায় হত্যাচেষ্টা মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান শাজাহান আলী।
তবে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগের পাশাপাশি শাজাহান আলীর বিরুদ্ধে বালুঘাটে চাঁদাবাজির অভিযোগ ওঠার প্রসঙ্গও তুলে ধরেন আমির হামজা। এ বিষয়ে একটি ভিডিওর কথা উল্লেখ করে তিনি বলেন, একটা ভিডিওতে শুনলাম, শাজাহান আলী আগে ৩০ হাজার বলত, এরপরে ৫০ হাজার, এখন প্রতিদিন ১ লাখ করে নেয়।
আমির হামজা বলেন, জামায়াতে ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। দলটির বিরুদ্ধে মিথ্যা মামলা, চাঁদাবাজি কিংবা সাধারণ মানুষকে ঠকানোর অভিযোগ গ্রহণযোগ্য নয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ তুলে জামায়াতকে বিতর্কিত করার চেষ্টা করা হলেও তা সফল হচ্ছে না বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন,
জামায়াতে ইসলামী বাংলাদেশে আদর্শ নিয়ে রাজনীতি করে। আমি ওপেন বলছি, এ কুষ্টিয়া না, সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর মতো রাজনীতি আপনারা করেন, দেখেন জনগণ আপনাদের কাছেই যাবে। জামায়াত মিথ্যা মামলা বাণিজ্য করে না, এরা চাঁদাবাজি করে না, এরা মানুষকে ঠকায় না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন কুষ্টিয়া-৩ আসনের এ সংসদ সদস্য। তার অভিযোগ, শুধু কুষ্টিয়া নয়, দেশের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই। গত ৫৫ বছরের মধ্যে পরিস্থিতি সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সমালোচনা করে আমির হামজা বলেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। জনগণের করের টাকায় বেতন নেয়া কর্মকর্তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তাদের জেলায় রাখার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রশাসনের হাতে যেন কিছুই নেই, তারা পুতুল হয়ে বসে আছে। কুষ্টিয়ার ডিসি ও এসপি সব ব্যর্থ। এককথায়, বাংলা কথায়, এরা সব ব্যর্থ। এদের কোনও কাজ নেই। জনগণের করের টাকায় তাদের বসিয়ে বসিয়ে বেতন দেয়ার দরকার নেই। এদেরকে জেলা থেকে নিয়ে যাক।
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সাম্প্রতিক হামলা ও সহিংসতার ঘটনাগুলো তুলে ধরবেন বলে আবারও জানান তিনি।
এ সময় কুষ্টিয়া কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আমির হামজা। তিনি বলেন, কুষ্টিয়ার কোনও জায়গাই এখন নিরাপদ নয়। দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে বলে মনে করেন তিনি।
নিজের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে আমির হামজা বলেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে তার ব্যক্তিগত কোনও লাভ নেই। অথচ বিভিন্ন ঘটনায় অনুমাননির্ভরভাবে তার ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে মানুষের বাড়িঘর, জানমাল ও সম্মান রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে স্বাগত জানিয়ে সংসদ সদস্য আমির হামজা বলেন, প্রধানমন্ত্রী দল-মতনির্বিশেষে সবার। তাকে ঘিরে কুষ্টিয়ায় মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে সাজসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং উদ্বোধনের জন্য নির্ধারিত স্থাপনাগুলোর প্রস্তুতি চলছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন, এটি তাদের জন্য আনন্দের বিষয়। সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘করুক, আমাদের কুষ্টিয়ায় আসতেছেন, আলহামদুলিল্লাহ।’
সবার দেশ/কেএম




























