টানা দুই দফায় বাড়লো স্বর্ণের দাম, ভরি ১৯৮৯৩০ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। নতুন এ দাম শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে বাজুস। এর আগে গত বৃহস্পতিবারও প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিলো। ওই দিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। ফলে টানা দুই দফায় প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়লো ২ হাজার ১০০ টাকা।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
স্বর্ণালংকার কেনাবেচার ক্ষেত্রে ক্রেতাদের জন্য কিছু নির্দেশনাও দিয়েছে বাজুস। সংগঠনটি জানিয়েছে, অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ৯ শতাংশ এবং পুরোনো অলংকার কিনে নেয়ার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে বিনিময় ও পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।
বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ বার দাম বাড়ানো হয়েছে, ৭৭ বার কমানো হয়েছে। বাকি একবার ভ্যাট সমন্বয় করা হয়েছিলো।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিলো বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে ২৯ বার কমানো হয়েছিলো।
এদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সবার দেশ/কেএম




























