Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

২ দশকর পর ক্ষমতায় ফিরছে বিএনপি, প্রথমবার প্রধান বিরোধী দল জামায়াত

২ দশকর পর ক্ষমতায় ফিরছে বিএনপি, প্রথমবার প্রধান বিরোধী দল জামায়াত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রায় দুই দশক পর আবারও সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশন ঘোষিত ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলে দেখা গেছে, বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। তাদের মিত্ররা পেয়েছে আরও ৩টি আসন।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৩০০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ন্যূনতম ১৫১টি আসনে জয় প্রয়োজন। সে হিসেবে বিএনপি একক দল হিসেবেই সরকার গঠনের সাংবিধানিক শর্ত পূরণ করেছে।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং তাদের মিত্ররা আরও ৩টি আসনে জয়ী হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে।

দলীয় সূত্রে আগেই ঘোষণা দেয়া হয়েছিলো, সরকার গঠন করলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনে তিনি প্রথমবারের মতো অংশ নিয়ে ঢাকা-১৭ ও বগুড়া-৬—উভয় আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ইতিহাস বলছে, সর্বশেষ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিলো বিএনপি। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিলে সে মেয়াদের সমাপ্তি ঘটে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালেদা জিয়ার নেতৃত্বে দলটি জনপ্রিয়তার শীর্ষে ওঠে। ১৯৯১ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিলো বিএনপি।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ২৭ নভেম্বর তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় থেকেই তার রাজনীতিতে সক্রিয়তা শুরু। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু করে তৃণমূল রাজনীতিতে আলোচনায় আসেন।

২০০২ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু হলে ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তাকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

বেসরকারি ফলাফল অনুযায়ী, এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। অতীতে তারা বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে ছিলো। তবে এবার স্বতন্ত্র শক্তি হিসেবে প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে যাচ্ছে তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এ ফলাফল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে শিগগিরই নতুন সরকার গঠন এবং বিরোধী দলের স্বীকৃতি ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক জিম্বাবুয়ের
নরসিংদীর পাঁচ আসনেই ধানের শীষ বিজয়ী
যশোরের ৬ আসনের ৫টি তে জামায়াতের ভূমিধস বিজয়
জোট শরিকদের নিয়ে জাতীয় সরকারের ঘোষণা বিএনপির
হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ইঙ্গিত
আলোচনায় ঝড় তুলেও ব্যালটে হারলেন যারা
ইরানে ফের সরকারবিরোধী কর্মসূচির ডাক দিলেন রেজা পাহলভি
যেসকল বিশ্বনেতারা অভিনন্দন জানালেন তারেক রহমানকে
দেশজুড়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
ফাঁসির মঞ্চ থেকে সংসদে বাবর ও আজহার
একই ইউনিয়নে দুই এমপি!
১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে : জামায়াত আমির
বিএনপির বগুড়া জয়, জামানত হারালেন মান্না
জামানত হারালেন ফ্যাসিস্টের দোসর জাপা মহাসচিব
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএনপির বিরুদ্ধে
নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ
ঢাকার ২০ আসনে বিজয়ী হয়েছেন যারা
জনমানুষের ভালোবাসার কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
রুমিন ফারহানা যে শর্তে ফিরতে চান বিএনপিতে