সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় লাগা আগুন সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সাততলা ভবনটির ষষ্ঠ তলায় লাগা এ আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আগুনে ভবনটির বিভিন্ন গোডাউনে থাকা মালামালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গতকাল বিকেল ৫টা ১০ মিনিটে মনসুর খান প্লাজার ষষ্ঠ তলায় আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়। প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ভবনটির ষষ্ঠ তলায় আগুন দেখতে পান তারা। কিছু বুঝে ওঠার আগেই আগুনের শিখা ও কালো ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভবনের ওই তলা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করেন।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পরে দুই ধাপে আরও পাঁচটি ইউনিট যুক্ত করা হয়। মোট ১০টি ইউনিটের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় দোকানিরা জানান, ভবনটিতে ব্যাগ, প্রসাধনী, ছাতা, গ্যাস ম্যাচসহ বিভিন্ন ধরনের পণ্যের গোডাউন ছিলো। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এসব মালামালের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
ফায়ার সার্ভিসকর্মীরা জানান, আগুন লাগা ভবনের আশপাশে আবাসিক ভবন ও বাসাবাড়ি রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে ভবনের গোডাউনগুলোতে কী পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সম্পর্কেও কোনো হিসাব পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























