তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪তম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে দুই নেতা গঠনমূলক মতবিনিময় করেন।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে আরও এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ।
এ সময় দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেন তারা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ধারাবাহিক দ্বিপাক্ষিক বৈঠক করছেন তিনি।
সবার দেশ/কেএম




























