মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর মিরপুরে আবারও যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় মিরপুর ১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে এ আগুনের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হলের সামনে বাসটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মিরপুরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
অন্যদিকে শাহ আলী থানার এক উপপরিদর্শক জানান, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এতে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সবার দেশ/কেএম




























