ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন
রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এবার মিরপুরের পল্লবীতে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, বাসটি সড়কের পাশে পার্কিং করে রাখা অবস্থায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
ওসি আরও বলেন, দুদিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। ওই বৈঠকে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছিলো। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসের আগুন থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় মেট্রোরেল স্টেশন আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত স্টেশন থেকে বেরিয়ে যান। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা স্টেশনটি বন্ধ রাখা হয়।
ফার্মগেটের ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
একই দিনে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহনের নিরাপত্তা এবং জনবহুল এলাকায় এ ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।
সবার দেশ/কেএম




























