রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় জামায়াত আমির নবনির্বাচিত রাষ্ট্রপতির সফলতা কামনা করে বলেন, রাষ্ট্রপতি দেশের জাতীয় ঐক্যের প্রতীক। গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
নবনির্বাচিত রাষ্ট্রপতি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত আমির।
তিনি বলেন, সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা, ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে রাষ্ট্রপতি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তারা আশা করেন। একই সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায়ও রাষ্ট্রপতি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ও রাষ্ট্রীয় অভিজ্ঞতার কথাও অভিনন্দন বার্তায় তুলে ধরেন ডা. শফিকুর রহমান। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময়ে জোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় মির্জা ফখরুলের ভূমিকার কথা স্মরণ করেন তিনি।
জামায়াত আমির বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ও রাষ্ট্রীয় অভিজ্ঞতা দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।
সবশেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন ডা. শফিকুর রহমান।
সবার দেশ/কেএম




























