Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ১ জুন ২০২৬

বেড়েছে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনাও

মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ

মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রতীকি ছবি

চলতি বছরের মে মাসে দেশে মব সহিংসতায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে এ ধরনের ৬৯টি ঘটনায় আরও ৭১ জন গুরুতর আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) বলছে, জনতার হাতে আইন তুলে নেয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে।

রোববার (৩১ মে) এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত মাসিক মানবাধিকার প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে মব সহিংসতায় নিহতের সংখ্যা ছিলো ২১ জন, যা মে মাসে বেড়ে ৩২ জনে পৌঁছেছে। একই সময়ে আহতের সংখ্যা ৪৯ থেকে বেড়ে হয়েছে ৭১ জন। এমএসএফের মতে, এ ঊর্ধ্বগতি আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতার স্পষ্ট প্রতিফলন।

সংগঠনটির তথ্য অনুযায়ী, মে মাসে চুরির অভিযোগে ১৪ জন, বাগবিতণ্ডার জেরে চারজন, ডাকাতির অভিযোগে দুজন, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগে দুজন, হত্যার অভিযোগে একজন, অবমাননাকর মন্তব্যের অভিযোগে একজন, ছিনতাইয়ের অভিযোগে একজন, মাদক চোরাকারবারের অভিযোগে একজন এবং অন্যান্য বিভিন্ন অভিযোগে ছয়জন মব হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩৫ জনকে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মব হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হামলার শিকার হচ্ছেন, যা পরিস্থিতির ক্রমাবনতির একটি উদ্বেগজনক দিক।

এমএসএফের পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারিতে মব সহিংসতায় ১৮ জন, জানুয়ারিতে ২১ জন এবং ২০২৫ সালের ডিসেম্বরে ১০ জন নিহত হন। ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা অব্যাহত থাকায় জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে বলে মনে করছে সংগঠনটি।

অন্যদিকে, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাও মে মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমএসএফের তথ্যমতে, মে মাসে নারী ও শিশু নির্যাতনের অন্তত ৩২৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যা আগের মাসের তুলনায় ১২টি বেশি।

সবচেয়ে উদ্বেগজনক বৃদ্ধি দেখা গেছে ধর্ষণের ঘটনায়। মে মাসে ৭০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে এপ্রিল মাসে এ সংখ্যা ছিলো ৫৪। অর্থাৎ এক মাসের ব্যবধানে ধর্ষণের ঘটনা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এছাড়া ১৬টি সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ছয়টি ঘটনা ঘটেছে। আগের মাসে ধর্ষণের পর হত্যার ঘটনা ছিলো মাত্র দুটি।

প্রতিবেদনে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যার ঘটনার উল্লেখ করে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং বিচারিক প্রক্রিয়া শুরু করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগের প্রশংসা করা হয়েছে। তবে নারী ও শিশু নির্যাতনের সব ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছে এমএসএফ।

তবে রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে কিছুটা ইতিবাচক পরিবর্তনের কথা জানিয়েছে সংগঠনটি। মে মাসে রাজনৈতিক সহিংসতায় তিনজন নিহত ও ১৯৩ জন আহত হয়েছেন। এপ্রিল মাসেও নিহতের সংখ্যা তিনজন ছিলো, তবে আহতের সংখ্যা ছিলো ৩০৩ জন।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে দেশের বিভিন্ন কারাগারে সাতজন বন্দির মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে এ সংখ্যা ছিলো ছয় এবং মার্চে ছিলো ১১।

সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এমএসএফ। সংগঠনটির তথ্য অনুযায়ী, মে মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে চার বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়ে এবং একজন নির্যাতনের ফলে মারা যান।

এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এক জেলে ও এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে সীমান্তসংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হন। ফলে সীমান্ত-সংশ্লিষ্ট ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

অন্যদিকে, মিয়ানমার সীমান্তে পৃথক দুটি স্থলমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে এমএসএফ বলেছে, মব সহিংসতা, নারী ও শিশু নির্যাতন এবং সীমান্তে প্রাণহানির মতো ঘটনাগুলো মানবাধিকার পরিস্থিতির জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এসব ঘটনায় কার্যকর প্রতিরোধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দ্রুত বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী