প্রয়োজনে হরমুজ নিয়ন্ত্রণে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সমঝোতায় না এলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে ইরানের প্রতিনিধি দল এবং তেহরানের আঞ্চলিক মিত্রদের প্রতিও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
রোববার ফক্স নিউজকে দেয়া প্রায় ২০ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবো। তারা যদি কোনও চুক্তিতে না আসে, তাহলে আমরা টোল আদায় করবো।
তার এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেলের বড় একটি অংশ চলাচল করে।
এর আগে শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির সামরিক নেতৃত্বের বরাত দিয়ে জানায়, লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং যুদ্ধ-পরবর্তী সমঝোতার প্রথম ধাপ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর সঙ্গে বৈঠকে অংশ নেয়া ইরানি প্রতিনিধিদের উদ্দেশে ট্রাম্প বলেন, আপনারা যদি এটি (হরমুজ প্রণালি) বন্ধ করেন, তাহলে আপনাদের আর কোনও দেশই থাকবে না।
তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেছেন, তোমরা নিজেদের দেশেও ফিরতে পারবে না।
সাক্ষাৎকারে ট্রাম্প পুনরায় উল্লেখ করেন, হরমুজ প্রণালির নিরাপত্তা ও চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ‘অভিভাবকের’ ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে এ নৌপথ দিয়ে পরিবাহিত বৈশ্বিক তেল বাণিজ্যের একটি অংশের ওপর নিয়ন্ত্রণ বা সুবিধা পাওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেয়া এক পোস্টে ট্রাম্প লেবাননে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম বন্ধের আহ্বান জানান।
তিনি লেখেন, ইরানকে অবিলম্বে তাদের অর্থায়নকৃত প্রক্সিদের লেবাননে অস্থিরতা সৃষ্টি করা বন্ধ করতে হবে। তারা যদি তা না করে, তাহলে গত সপ্তাহের তুলনায় আরও কঠোরভাবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এ বক্তব্য শুধু যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কেই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন উদ্বেগ তৈরি করতে পারে। কারণ বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি উল্লেখযোগ্য অংশ এ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো সংঘাত বা অবরোধ আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: সিএনএন।
সবার দেশ/কেএম




























