রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
মুক্তিযুদ্ধ কোনও দলের একক কৃতিত্ব নয়, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদানও যথাযথভাবে তুলে ধরা হয়নি বলে মন্তব্য।
রাজনীতিবিদরা স্বাধীনতার ইতিহাস লেখার কারণে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যথাযথভাবে উঠে আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, এর ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ অবদান যথাযথ স্বীকৃতি পায়নি।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ‘সিনিয়র টাইগার্স’-এর অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা এবং মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর অভিজ্ঞতা তুলে ধরে স্পিকার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়। সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেই এ যুদ্ধ সংঘটিত হয়েছিলো।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি। মুক্তিযুদ্ধের সময় এ রেজিমেন্টের নেতৃত্বে অনেকেই ঐক্যবদ্ধ হয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠান শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবার দেশ/এমকেজে




























