Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ২৩ অক্টোবর ২০২৬

জুলাই স্বীকার, ক্ষমা চাইলেই আ.লীগের রাজনীতি: তথ্যমন্ত্রী

জুলাই স্বীকার, ক্ষমা চাইলেই আ.লীগের রাজনীতি: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

জুলাইয়ের ঘটনাবলি অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে দলটিকে আরও গঠনমূলক চিন্তাভাবনা করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের ঘটনাবলি স্বীকার করে ক্ষমা চাইতে হবে এবং দায়ীদের সাজা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। তারা যদি রাজনীতিতে ফিরতে চায়, তাহলে আরও গঠনমূলক উপায়ে চিন্তাভাবনা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জুলাইয়ের ঘটনাবলি স্বীকার করতে হবে। আওয়ামী লীগকে এসব ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং দায়ীদের সাজা নিশ্চিত করতে হবে।

এরপর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে কি না, সে সিদ্ধান্ত সময়ই বলে দেবে বলে মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ১৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণ প্রজন্মের সংখ্যা প্রায় পাঁচ কোটি। আওয়ামী লীগের পতন এবং দলটির নেতাকর্মীদের দেশ ছাড়ার ঘটনাপ্রবাহে এ প্রজন্মের মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অংশ নিয়েছে। কেউ রাজপথে ছিলো, কেউ ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলো।

এ প্রজন্মের কাছে আওয়ামী লীগের বক্তব্য বা বয়ানের মাধ্যমে আবার গ্রহণযোগ্যতা তৈরি করা কঠিন হবে উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, এ পাঁচ কোটি মানুষের কাছে আওয়ামী লীগের বয়ান নিয়ে ফিরে আসা অনেক বড় চ্যালেঞ্জ হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তিনি যেভাবে ভাবছেন, সে ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট এখনও বাংলাদেশে তৈরি হয়নি বলে তার ধারণা।

২০২৪ সালের ঘটনাবলির প্রসঙ্গ টেনে তিনি বলেন, হত্যা, মানসিক আঘাত ও অত্যাচারের অভিজ্ঞতা থেকে মানুষ এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। এসব ঘটনা মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। সে অভিজ্ঞতা ও মানসিক আঘাত এখনও মানুষের মধ্যে রয়ে গেছে।

দুর্গাপূজা উদ্‌যাপনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দেশে ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে ইতিবাচক চিত্র দেখা গেছে।

আওয়ামী লীগের বক্তব্য ও প্রচারকৌশল প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, দলটি নতুন বয়ান তৈরির চেষ্টা করছে। তার দাবি, আওয়ামী লীগ দেশ ছাড়ার কিছুদিন পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ সামনে আনা হচ্ছিলো। ভারতের কিছু গণমাধ্যমও এসব অভিযোগ প্রচারের চেষ্টা করেছে বলে মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রীর ভাষ্য, এসব বক্তব্যের ভিত্তিতে আওয়ামী লীগ নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে। তবে বাংলাদেশে রাজনীতিতে ফেরার ক্ষেত্রে দলটির রাজনৈতিক অবস্থান ও জনসমর্থন ফিরে পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তিনি মনে করেন।

দেশে গণতন্ত্র নেই—আওয়ামী লীগের এমন বক্তব্যের প্রসঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ ১৭ বছর দেশ পরিচালনার সময় রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে গেছে। সে পরিস্থিতি থেকে উত্তরণে সময় লাগছে। তবে দেশে এখন মানুষ ভোট দিয়েছে, নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে এবং সংসদে বিরোধী দলও রয়েছে।

আন্দালিভ রহমান পার্থ আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ব্যবস্থা ধীরে ধীরে আরও উন্নত হবে এবং বাংলাদেশ একটি ভালো অবস্থানে পৌঁছাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাকা-দাম্মাম-রিয়াদ ফ্লাইট ফের স্থগিত
সৌদিতে দণ্ডিত আরও ২০ বাংলাদেশি, সাজার তথ্য চাইলো কনস্যুলেট
জাপানের ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা বাংলাদেশে
রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণ
দিল্লিতে ৭০০ মুসলিম পরিবার উচ্ছেদের উদ্যোগ, মসজিদেও নোটিশ
জুলাই স্বীকার, ক্ষমা চাইলেই আ.লীগের রাজনীতি: তথ্যমন্ত্রী
রেকর্ডের ম্যাচে ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা
সিসিইউতে সংকটাপন্ন মঈন খান, দেখতে গেলেন রিজভী
ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি দেশে ফিরলেন
ভারতে তিন খ্রিষ্টান পরিবারকে পূজা পালনে বাধ্য করার অভিযোগ
সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
বিকিনি পরতে অস্বস্তি হয়: রাশমিকা
সাজেকে গোলাগুলি, নিরাপদে ফিরলেন পর্যটকরা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত
৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, শুরু বায়তুল মোকাররমে
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে, অভিজ্ঞতা কম: মনি
পণ্যবাহী গাড়ি আটকে লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ জনকে শোকজ
রাশিয়ার এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত