রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য শুভ হাসান দুলাল।
বৃহস্পতিবার সকালে আদালতের নির্দেশে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিবাদী পক্ষের বাবুল, রাসেল মিয়া, দেলোয়ার হোসেন, জায়েদাসহ সংশ্লিষ্টদের ওই জমিতে নির্মাণকাজ না করার নির্দেশ দেয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য শুভ হাসান দুলাল জানান, দুয়ারা মৌজায় পাঁচ শতাংশ জমির মালিক তারা। জমির রেকর্ড, নামজারি ও ডিজিটাল ম্যাপসহ মালিকানাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তাদের নামে রয়েছে। পূর্বপুরুষদের সময় থেকেই তারা ওই জমি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, জমির মালিকানা নিয়ে বিরোধের মধ্যে তাদের জমির অংশে থাকা একটি ঘর ভেঙে প্রতিপক্ষ বাবুল, রাসেল মিয়া, দেলোয়ার হোসেন ও জায়েদাসহ অন্যরা সেখানে নতুন স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হলেও কোনও সমাধান হয়নি। পরে প্রতিকার চেয়ে নারায়ণগঞ্জের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করেন তারা।
শুভ হাসান দুলালের দাবি, আদালত বিবাদী পক্ষকে বিরোধপূর্ণ জমিতে কাজ না করার নির্দেশ দিলেও তা অমান্য করে রাতের আঁধারে ঘর নির্মাণের কাজ চালানো হচ্ছে। এতে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, ১৪৫ ধারার মামলায় আদালতের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট প্রতিপক্ষকে ওই জমিতে কাজ করতে নিষেধ করেছে।
সবার দেশ/কেএম




























