Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৬, ২৩ অক্টোবর ২০২৬

হামলা-লুটপাট ও নারীর ওপর শ্লীলতাহানি 

ভারতে তিন খ্রিষ্টান পরিবারকে পূজা পালনে বাধ্য করার অভিযোগ

ভারতে তিন খ্রিষ্টান পরিবারকে পূজা পালনে বাধ্য করার অভিযোগ
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি খ্রিষ্টান পরিবারের সদস্যদের ওপর হামলা, জোর করে দুর্গাপূজার মণ্ডপে নিয়ে ধর্মীয় আচার পালনে বাধ্য করা এবং এক নারীকে শুদ্ধীকরণের নামে প্রকাশ্যে গোসল করানোর অভিযোগ উঠেছে। চন্দ্রকোনা থানা এলাকার এ ঘটনায় হত্যাচেষ্টা, অপরাধমূলক ভীতি প্রদর্শন, নারীর শ্লীলতাহানি ও ডাকাতির অভিযোগে মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এসব ঘটনা ঘটে। হামলার পর ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের বাড়ির কাছে পুলিশ মোতায়েন করা হলেও নতুন করে হামলার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীদের একজন ৪০ বছর বয়সী নারী। তিনি তামা ও অন্যান্য ধাতু দিয়ে গয়না তৈরির কাজ করেন। ওই নারীর অভিযোগ, গত ১৮ অক্টোবর বেলা সাড়ে ৩টার দিকে একদল ব্যক্তি তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে ও তার স্বামীকে টেনেহিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে মারধর করা হয়।

ওই নারী অভিযোগ করেন, তাকে মাটিতে ফেলে মারধরের একপর্যায়ে তার পোশাক ছিঁড়ে ফেলা হয়। পরে তাকে তুলসীপাতা ও বেলপাতা খেতে বাধ্য করা হয়। শুদ্ধীকরণের আচার পালনের নামে তার শরীরে পানি ঢালা হয়। এ সময় উপস্থিত লোকজন ঘটনাটি দেখলেও কেউ বাধা দেননি বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী নারীর দাবি, হামলাকারীরা তাদের খ্রিষ্টধর্ম ত্যাগ করার জন্য চাপ দেয়। প্রথম দফায় হামলার পর তারা প্রতিবেশী আরও দুটি খ্রিষ্টান পরিবারের বাড়িতে প্রবেশ করে। সেখানে পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং নগদ ২০ হাজার রুপি লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি পুলিশের কাছে অভিযোগ করলে পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকি দেয়া হয়।

ভুক্তভোগী নারী জানান, হামলার পর তারা জরুরি পুলিশি সহায়তা নম্বর ১০০-তে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে চলে যাওয়ার পরদিন, ১৯ অক্টোবর সকালে হামলাকারীরা আবার ফিরে আসে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, পুলিশের কাছে অভিযোগ করার কারণে ক্ষুব্ধ হয়ে হামলাকারীরা তিন পরিবারের সদস্যদের পাশের একটি গ্রামের দুর্গাপূজার মণ্ডপে জোর করে নিয়ে যায়। সেখানে তাদের অঞ্জলি দিতে বাধ্য করা হয়। এ সময় প্রতিবেশী অন্য একটি খ্রিষ্টান পরিবারের অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরদিন, ২০ অক্টোবর তিন পরিবারের পুরুষ সদস্যদের ধরে নিয়ে গিয়ে হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন ওই নারী। তিনি জানান, বাড়িতে ফিরে পরিবারের পুরুষ সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। টানা তিন দিন ধরে চলা এসব ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার কথা বিবেচনা করে তিন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

পরে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের পরামর্শে পরিবারগুলো থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী নারী।

পরিবারগুলোর পক্ষে আইনি সহায়তা দেওয়া কলকাতা হাইকোর্টের এক আইনজীবী জানান, ২০ অক্টোবর তিনি থানায় যাওয়ার পর পুলিশ দ্রুত এফআইআর নথিভুক্ত করে। তবে অভিযোগ দায়েরের পরও কোনো অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে উদ্বেগ রয়ে গেছে।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, ঘটনাটির তদন্ত চলছে। তিনি বলেন, ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ কারণে পুলিশ তাদের বাড়িতে গিয়ে থানায় নিয়ে আসে এবং অভিযোগ গ্রহণ করে।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগীরা বাড়িতে ফিরে যেতে চাওয়ায় তাদের বাড়ির কাছাকাছি পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে বাড়ির বাইরে পুলিশ পাহারা থাকলেও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি পরিবারগুলোর। বিশেষ করে পরিবারের বৃদ্ধ, অসুস্থ সদস্য ও অপ্রাপ্তবয়স্ক শিশুদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে নির্যাতন, জোরপূর্বক ধর্মীয় আচার পালনে বাধ্য করা কিংবা ভয়ভীতি দেখানোর অভিযোগের ক্ষেত্রে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া এখন গুরুত্বপূর্ণ। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল ও অভিযুক্তদের বক্তব্য এখনও জানা যায়নি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাকা-দাম্মাম-রিয়াদ ফ্লাইট ফের স্থগিত
সৌদিতে দণ্ডিত আরও ২০ বাংলাদেশি, সাজার তথ্য চাইলো কনস্যুলেট
জাপানের ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা বাংলাদেশে
রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণ
দিল্লিতে ৭০০ মুসলিম পরিবার উচ্ছেদের উদ্যোগ, মসজিদেও নোটিশ
জুলাই স্বীকার, ক্ষমা চাইলেই আ.লীগের রাজনীতি: তথ্যমন্ত্রী
রেকর্ডের ম্যাচে ইংল্যান্ডকে হারালো শ্রীলঙ্কা
সিসিইউতে সংকটাপন্ন মঈন খান, দেখতে গেলেন রিজভী
ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি দেশে ফিরলেন
ভারতে তিন খ্রিষ্টান পরিবারকে পূজা পালনে বাধ্য করার অভিযোগ
সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
বিকিনি পরতে অস্বস্তি হয়: রাশমিকা
সাজেকে গোলাগুলি, নিরাপদে ফিরলেন পর্যটকরা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত
৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, শুরু বায়তুল মোকাররমে
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে, অভিজ্ঞতা কম: মনি
পণ্যবাহী গাড়ি আটকে লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ জনকে শোকজ
রাশিয়ার এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত