দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, আদালতে আত্মসমর্পণের কথা জানালেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী।
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগের পর এ প্রথম তার পক্ষ থেকে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের ঘটনা ঘটলো। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা।
সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য করা আবেদনের বিষয়ে একটি চিঠি হাতে পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠিটি পাঠানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা নিজেই রয়টার্সকে জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরাও বলেছেন, দেশে ফেরার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
পাসপোর্ট ও এনআইডি চেয়ে কূটনৈতিক যোগাযোগ
ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।
চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়, তাদের মক্কেলের বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করা প্রয়োজন।
একই সঙ্গে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির জন্যও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
দেশে ফিরলে মুখোমুখি হতে পারেন আইনি জটিলতার
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য উদ্যোগ এমন এক সময়ে সামনে এলো, যখন তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে গুরুতর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে পলাতক হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
ফলে তিনি দেশে ফিরলে প্রথমেই তাকে বিদ্যমান বিচারিক ও আইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা, বিতর্ক ও উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
পলাতক হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হওয়ার কারণ তার দল আওয়ামী লীগের বর্তমান অবস্থান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
দলটির বহু নেতা-কর্মী কারাবন্দি রয়েছেন। অন্যদিকে, অনেকে ভারতে ও বিভিন্ন দেশে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় হাসিনার দেশে ফেরার উদ্যোগ রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ?
২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারতে তার অবস্থান বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। হাসিনাকে আশ্রয় দেয়ার পর থেকেই নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে।
এবার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে শেখ হাসিনা দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহে আনুষ্ঠানিক উদ্যোগ নেয়ায় বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মহলে গুরুত্ব পাচ্ছে।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়; বরং এটি তার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন, বিচারিক পরিণতি এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণ নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ আবেদন সম্পর্কে কী সিদ্ধান্ত নেয় এবং ডিসেম্বরে দেশে ফেরার যে পরিকল্পনার কথা বলা হচ্ছে, তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় কি না।
সূত্র: রয়টার্স
সবার দেশ/এমকেজে




























