নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত
জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম
নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সাংগঠনিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর মিন্ট রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জামায়াত সূত্রে জানা গেছে, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে উত্থাপিত নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গাজী নজরুল ইসলামের বহিষ্কারের বিষয়টি দ্রুত বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর নেতারা বলেন, দলের নৈতিক আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং গঠনতন্ত্রের বিধান সমুন্নত রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোনও সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হলে দলীয় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, প্রতিবেদন লেখা পর্যন্ত গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত বা তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সবার দেশ/এমকেজে




























