Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ২৪ জুন ২০২৬

আপডেট: ০০:৪৪, ২৪ জুন ২০২৬

জুয়া দমনে কঠোর আইন আসছে 

অনলাইন বেটিংয়ে ৭ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা

অনলাইন বেটিংয়ে ৭ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
ছবি: সংগৃহীত

দেশে জুয়া, অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক জুয়া কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। নতুন আইনে অনলাইন জুয়া, দূরবর্তী জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিংসহ ২৪ ধরনের কার্যক্রমকে সংজ্ঞায়িত করে অপরাধের ধরন অনুযায়ী অর্থদণ্ড, কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

নতুন আইনে প্রায় দেড়শ বছরের পুরোনো ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭’ রহিত করার প্রস্তাব করা হয়েছে। সরকারের মতে, প্রযুক্তির অগ্রগতির ফলে জুয়ার ধরন ও বিস্তার ব্যাপক পরিবর্তিত হওয়ায় পুরোনো আইন বর্তমান বাস্তবতায় কার্যকর নয়।

উত্থাপিত বিল অনুযায়ী, কোনও ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারবেন।

অন্যদিকে অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। আরও কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে অনলাইন বেটিংয়ের ক্ষেত্রে। কেউ অনলাইন বেটিং বা পণভিত্তিক জুয়ায় জড়িত থাকলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, পাঁচ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারবেন।

এ ছাড়া ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের মতো ক্রীড়া সংশ্লিষ্ট অনিয়মে জড়িতদের জন্যও সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানের ১৮(২) অনুচ্ছেদে জুয়া নিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাষ্ট্রকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ২০১৮ সালের জেলা প্রশাসক সম্মেলনে মাঠপর্যায়ে আইনটি কার্যকর করতে দণ্ডের পরিমাণ বৃদ্ধি এবং আইনকে যুগোপযোগী করার সুপারিশ করা হয়েছিলো।

সংসদে বিল উত্থাপনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া এবং ডিজিটাল আর্থিক প্রতারণার মতো নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, যা মোকাবিলায় বিদ্যমান আইন যথেষ্ট নয়।

তিনি বলেন, ভিপিএন, সোশ্যাল মিডিয়া, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি এবং বিভিন্ন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে পরিচালিত জুয়া ও অর্থ পাচার দেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং তরুণ সমাজের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রযুক্তিনির্ভর নতুন নতুন পদ্ধতিতে জুয়ার বিস্তার ঘটছে। এ কারণে জনশৃঙ্খলা রক্ষা, অপরাধপ্রবণতা হ্রাস, আর্থিক ও সামাজিক ক্ষতি প্রতিরোধ এবং রাষ্ট্রের নৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে একটি সমন্বিত ও আধুনিক আইন প্রণয়ন সময়ের দাবি।

নতুন বিলটি পাস হলে দেশে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক জুয়া কার্যক্রম নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে তরুণদের মধ্যে দ্রুত বিস্তার লাভ করা অনলাইন বেটিং ও ভার্চুয়াল জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পথও আরও সুগম হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রিজার্ভে স্বস্তি, ছাড়ালো ৩৬ বিলিয়ন ডলার
১৭ বছর পর পেয়েছি কার্যকর জাতীয় সংসদ: স্পিকার
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
৫ আগস্টের পর আ.লীগের রাজনীতি শেষ হয়ে গেছে: নাহিদ ইসলাম
কৃষক কার্ড পেয়ে ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
অনলাইন বেটিংয়ে ৭ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
ফ্রান্সে গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
খামেনির দাফন ও শেষ বিদায়ের সূচি ঘোষণা
বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার
গোল্ডেন বুটের পথে দুর্বার মেসি
কাতারের গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের
ঢাবির চার শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মেসির ঝড়ে উড়ে গেলো অস্ট্রিয়া, জোড়া গোলে দাপুটে জয় আর্জেন্টিনার