Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫২, ২০ জুলাই ২০২৬

পদত্যাগ করলেন কিয়ের স্টারমার, স্থলাভিষিক্ত অ্যান্ডি বার্নহ্যাম

পদত্যাগ করলেন কিয়ের স্টারমার, স্থলাভিষিক্ত অ্যান্ডি বার্নহ্যাম
ছবি: সংগৃহীত

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন কিয়ের স্টারমার। তার পদত্যাগ গ্রহণ করেছেন রাজা। স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম।

সোমবার বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, 

আজ সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দেন স্যার কিয়ের স্টারমার। রাজা তার পদত্যাগ গ্রহণ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, এ সময় স্টারমারের স্ত্রী লেডি স্টারমারও রাজার সঙ্গে সাক্ষাৎ করেন।

পদত্যাগের আগে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেয়া বিদায়ী বক্তব্যে স্টারমার বলেন, আমার কাজ শেষ। তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের ‘সবচেয়ে বড় সম্মানের’ বিষয় ছিলো।

স্টারমারের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ২০১৬ সালের পর ডাউনিং স্ট্রিটে প্রবেশ করা ষষ্ঠ প্রধানমন্ত্রী হবেন তিনি।

দায়িত্ব গ্রহণের শুরুতেই বার্নহ্যামকে অর্থনীতি, জনসেবা, অভিবাসন এবং রাজনৈতিক আস্থার সংকটসহ একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। একই সঙ্গে নতুন নেতৃত্ব হিসেবে নিজের রাজনৈতিক অবস্থান ও কর্মপরিকল্পনার কার্যকারিতা প্রমাণেরও বড় পরীক্ষা অপেক্ষা করছে তার সামনে।

৫৬ বছর বয়সী বার্নহ্যাম এমন এক সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন, যখন লেবার পার্টি ক্ষমতায় আসার মাত্র দুই বছর পার করেছে। ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ২০২৪ সালে লেবারকে ক্ষমতায় ফিরিয়েছিলেন কিয়ের স্টারমার। তবে পরবর্তীতে জনপ্রিয়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

সূত্র: বিবিসি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়