ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ৪ সহোদর ভাই নিহত
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের চার প্রবাসী ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের আল মিলিদ্দা আল মোছানা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা-র লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা এবং একই পরিবারের চার ভাই। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, তারা যে গাড়িতে ছিলেন সেটির এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এ ঘটনায় গভীর শোক নেমে এসেছে তাদের গ্রামের বাড়িতে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চার বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানিয়েছে, নিহতদের লাশ এবং আইনি প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সবার দেশ/কেএম




























