হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
সীমান্ত দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনা বাংলাদেশে প্রবেশ করলেও তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক বলেন,
সীমান্ত দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলেও তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে একই সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য জানায় বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ধোবড়া গ্রামের একটি বাড়িতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্রামের লুৎফল হকের ছেলে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিনুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে বিজিবি।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার সন্ধ্যায় আমিনুল ইসলামকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সীমান্ত রক্ষায় বিজিবির চলতি বছরের অভিযানের পরিসংখ্যানও তুলে ধরা হয়। এতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই সময়ে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬১৫ জনকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হয়েছে।
সবার দেশ/কেএম




























