১৫ দিনের সময়সীমা, টুঙ্গিপাড়ায় সাব-জেলে রাখার প্রস্তাবও
পলাতক হাসিনাকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেয়ার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা, নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব দেয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য। তার সদস্য পরিচিতি নম্বর ৬২০২।
নোটিশের প্রাপক করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশদাতার দাবি, তার এ উদ্যোগের সঙ্গে কোনও রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই তিনি নিরপেক্ষ অবস্থানে থেকে নোটিশটি পাঠিয়েছেন।
জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নোটিশে শেখ হাসিনার দীর্ঘদিনের প্রধানমন্ত্রিত্বের সময় রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বিষয়টি তুলে ধরে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য থাকার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেশী রাষ্ট্রে তার দীর্ঘদিনের অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে নোটিশে আশঙ্কা করা হয়েছে। এ ধরনের পরিস্থিতি দুই দেশের সম্পর্কের অবনতি থেকে শুরু করে সামরিক সংঘাতের ঝুঁকিও তৈরি করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে নোটিশে ইয়েমেন ও ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ দেয়া হয়েছে।
এতে বলা হয়, ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেয়ার পর তার দীর্ঘ অবস্থান ও রাজনৈতিক তৎপরতা সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ এবং আঞ্চলিক সংঘাতের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে।
একইভাবে, ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেয়ার পর সৃষ্ট ভূরাজনৈতিক পরিস্থিতি, ক্রিমিয়া উপদ্বীপ দখল এবং পরবর্তী রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এ ধরনের কোনও বৈরিতা বা সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।
যেভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রস্তাব
দণ্ডিত হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য কয়েকটি পর্যায়ে কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছেন নোটিশদাতা।
প্রথম পর্যায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা 'নোট ভার্বাল' পাঠানোর কথা বলা হয়েছে। এতে বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার আইনের আশ্রয়লাভ ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সহযোগিতা চাওয়ার প্রস্তাব রয়েছে।
পরবর্তী পর্যায়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের প্রসঙ্গ তুলে ধরে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক অলঙ্ঘনীয়তার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নোটিশে প্রস্তাব করা হয়েছে, হাইকমিশনে প্রবেশের পর শেখ হাসিনা বাংলাদেশ সরকারের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ও প্রশিক্ষিত দল হাইকমিশন প্রাঙ্গণের ভেতরে তাকে গ্রেফতার করে আইনি হেফাজতে নেবে।
এ ছাড়া নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তার দেশে ফেরার জন্য ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যুর প্রস্তাব দেয়া হয়েছে। হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে তাকে দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। পুরো যাত্রায় বাংলাদেশ পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা ও পাহারার ব্যবস্থার প্রস্তাবও রয়েছে।
টুঙ্গিপাড়ায় সাব-জেল করার প্রস্তাব
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পর তার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত তার পৈতৃক বাসভবনকে বিশেষ সাব-জেল বা উপকারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব দেয়া হয়েছে আইনি নোটিশে।
এতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ব্যবস্থা নিতে পারে। ঢাকায় বিমান অবতরণের পর জনশৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি তাকে টুঙ্গিপাড়ার প্রস্তাবিত সাব-জেলে স্থানান্তরের কথাও বলা হয়েছে।
আপিল ও অন্যান্য মামলার বিচার ভার্চুয়ালি করার প্রস্তাব
নোটিশে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া এবং আপিলের অধিকার নিয়েও বিস্তারিত প্রস্তাব তুলে ধরা হয়েছে।
এতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় আপিলের সুযোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। নোটিশদাতার বক্তব্য অনুযায়ী, দেশে ফেরার পর আইনি হেফাজতে থাকা অবস্থায় শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সংবিধিবদ্ধ আপিলের অধিকার প্রয়োগ করতে পারবেন।
আইনের ২১ ধারার ৩ উপধারায় দণ্ডাদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল দায়েরের সময়সীমা নির্ধারিত রয়েছে। তবে উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার আবেদন করা হলে আপিল বিভাগ তা বিবেচনা করে শুনানির জন্য গ্রহণ করতে পারেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম সচল রাখতে ভার্চুয়াল বিচারব্যবস্থা ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে। আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করার কথা বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, এতে নিরাপত্তাজনিত ঝুঁকি কমানোর পাশাপাশি বিচারিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে। সব আপিল ও অন্যান্য আইনি প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তির পর সংশ্লিষ্ট আদালতের দেয়া রায় ও আদেশ নিরপেক্ষভাবে কার্যকর করার ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।
১৫ দিনের সময়সীমা, না হলে হাইকোর্টে রিট
আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে তাকে লিখিতভাবে অবহিত করার দাবি জানিয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
নোটিশদাতার মতে, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, গোপনীয়তা এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
সবার দেশ/এমকেজে




























