Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৪০, ১০ মার্চ ২০২৬

মিরপুরে ভবনে আগুনে আহত হাসপাতালে দুজনের মৃত্যু

মিরপুরে ভবনে আগুনে আহত হাসপাতালে দুজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় একটি বাণিজ্যিক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় ভবনের ভেতরে আটকা পড়া ২৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে নেয়ার পর তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর-২ নম্বরের ‘এলএ প্লাজা’ নামের ১১ তলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত একটি স্পা সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও দুটি ইউনিট যোগ দেয়া হয়। বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

মিরপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা শাজাহান সিরাজ জানান, আগুন লাগার পর আতঙ্কে অনেকেই ভবনের ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা টিটিএল (টার্ন টেবিল ল্যাডার) ব্যবহার করে ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে নিরাপদে উদ্ধার করেন।

উদ্ধার অভিযানের সময় ভবনের চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে এক নারী ও এক পুরুষকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মিরপুর থানা পুলিশ জানিয়েছে, নিহত পুরুষের নাম রাকিব হাসান। তবে নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পাশাপাশি ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিলো কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার