ঢাকায় হেযবুত তওহীদের গোলটেবিল
‘মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান’
বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধ-সংঘাত ও বাক-স্বাধীনতা সংকোচনের প্রেক্ষাপটে বিকল্প রাষ্ট্রব্যবস্থার প্রশ্ন আবারও সামনে এনেছে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ। সংগঠনটির শীর্ষ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম দাবি করেছেন, একমাত্র ইসলামি জীবনব্যবস্থার মাধ্যমেই প্রকৃত মানবাধিকার, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ফারস হোটেল এন্ড রিসোর্টস-এ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে গণমাধ্যমকর্মীদের সামনে এসব বক্তব্য তুলে ধরেন তিনি।
বৈঠকে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা গভীর নৈতিক ও মানবিক সংকটে নিমজ্জিত। তার ভাষ্য অনুযায়ী, মানবাধিকার রক্ষার নামে আন্তর্জাতিক পরাশক্তিগুলো দ্বিমুখী নীতি অনুসরণ করছে, যার ফলে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত বাড়ছে। বিশেষ করে ফিলিস্তিন ও মিয়ানমারের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে মুসলিম জনগোষ্ঠীর মৌলিক অধিকার পর্যন্ত সুরক্ষিত করা যায়নি। এ প্রেক্ষাপটে জাতিসংঘ-সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হেযবুত তওহীদের এ নেতা। তার দাবি, গত দুই বছরে দেশে শত শত ‘মব’ বা গণপিটুনির ঘটনা ঘটেছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়। তিনি অভিযোগ করেন, একটি উগ্র ও সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
প্রচলিত রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর সমালোচনা করে এমাম সেলিম বলেন, ইসলামকে ইচ্ছাকৃতভাবে ভীতিকর হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ তার মতে, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ, মানবিক ও ন্যায়ভিত্তিক জীবনব্যবস্থা, যা ব্যক্তি ও রাষ্ট্র—উভয় পর্যায়ে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম।
তিনি রাষ্ট্রের বিচারব্যবস্থা, প্রশাসন, সামরিক ও অর্থনৈতিক খাতে ইসলামের নীতিমালা প্রয়োগের আহ্বান জানান। পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার, পারস্পরিক সমঝোতা বৃদ্ধি এবং বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সংলাপ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
গোলটেবিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, ডা. মাহবুব আলম মাহফুজ, এসএম সাসমুল হুদা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বৈঠকটি মূলত বর্তমান বিশ্ব ও দেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং বিকল্প শাসনব্যবস্থা নিয়ে মতবিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিজ নিজ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
সবার দেশ/কেএম




























