Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ২৬ এপ্রিল ২০২৬

নৈশভোজে ঢুকে হামলার চেষ্টা

‘অতিথি’ সেজে ট্রাম্পকে হত্যার টার্গেট—আটক শিক্ষক অ্যালেন

‘অতিথি’ সেজে ট্রাম্পকে হত্যার টার্গেট—আটক শিক্ষক অ্যালেন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আলোচিত নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হোটেলের অতিথি সেজে আগে থেকেই অবস্থান নেয়া এক ব্যক্তি প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে আটক করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা অ্যালেন পেশায় একজন শিক্ষক বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে, যা ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, অ্যালেন ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত ওই নৈশভোজে একজন অতিথি পরিচয়ে প্রবেশ করেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি আগে থেকেই পরিকল্পনা করে সেখানে অবস্থান নিয়েছিলেন এবং সুযোগের অপেক্ষায় ছিলেন।

ঘটনার দিন রাতে নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে দ্রুত তাকে আটক করে নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হামলার অভিযোগ আনা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, তাকে মাটিতে উপুড় করে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে সন্দেহভাজনকে ‘অসুস্থ’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় তার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা নেই।

ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানিয়েছেন, অ্যালেনের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দুটি এবং ফেডারেল কর্মকর্তার ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার একটি অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও অভিযোগ যুক্ত হতে পারে।

মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল জানান, সন্দেহভাজনকে মাটিতে ফেলে হাতকড়া পরানোর সময় পুলিশের সঙ্গে তার গুলি বিনিময় হয়। এ সময় এক কর্মকর্তা গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেট পরা থাকায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান।

ঘটনাস্থলে উপস্থিত উলফ ব্লিটজার জানান, হামলাকারীর কাছে একটি বড় অস্ত্র ছিলো এবং তিনি একাধিকবার গুলি ছোড়েন। তিনি বলেন, আমি হামলাকারীর কয়েক ফুট দূরে ছিলাম। হঠাৎ তীব্র শব্দ শুনে বুঝতে পারি পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।

গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা নেয় সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্ট ট্রাম্পকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এ সময় তিনি মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। সরিয়ে নেয়ার সময় সামান্য হোঁচট খেলেও দ্রুত তাকে নিরাপদে নেয়া সম্ভব হয়।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে একজন সিক্রেট সার্ভিস সদস্য ছাড়া আর কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ওই সদস্য বুকের কাছে গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে প্রাণঘাতী আঘাত থেকে রক্ষা পান।

এ ঘটনায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানান, ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ফরেনসিক ও ব্যালিস্টিক বিশেষজ্ঞরা আলামত পরীক্ষা করছেন এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে।

সিক্রেট সার্ভিস ও এফবিআই-এর যৌথ তদন্তে হামলার উদ্দেশ্য ও পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ধরনের সহিংসতার কাছে নতি স্বীকার করা হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, স্থগিত হওয়া এ নৈশভোজ অনুষ্ঠান আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান