আহত ১১
চাঁদাবাজি ঘিরে নিউ মার্কেটে ছাত্রদল-যুবদল সংঘর্ষে রণক্ষেত্র
ফুটপাতে চাঁদা তোলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগষ্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক দফা হামলা-পাল্টাহামলায় পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নিউ মার্কেট থানাধীন বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতে চাঁদা তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এ সময় যুবদলের কয়েকজন নেতাকর্মী ফুটপাতে চাঁদা তুলতে গেলে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা এতে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একপর্যায়ে যুবদলের নেতাকর্মীরা ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করলে তারা সেখান থেকে সরে গিয়ে ক্যাম্পাসে ফিরে যান। পরে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা আবার ঘটনাস্থলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এর পরও রাত পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।
রাতে নতুন করে হামলার অভিযোগ
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, প্রথম দফার সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার পর রাতে নিউ মার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের নেতৃত্বে ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার, সদস্যসচিব শাহাদাত, মোবাইল সোহেল, চায়না সুমন ও আজিমসহ অর্ধশতাধিক নেতাকর্মী ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা চালান।
অভিযোগ রয়েছে, এ সময় হামলাকারীদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র, লাঠি ও ছুরি ছিলো। হামলায় ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মী আহত হন।
পরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে প্রিয়াঙ্গন মার্কেটসংলগ্ন বসুন্ধরা গলির দিকে যান। সেখানে হামলাকারীদের সঙ্গে তাদের ফের সংঘর্ষ বাধে। এ সময় এলাকায় ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষকে কেন্দ্র করে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত ১১
সংঘর্ষ ও হামলায় আহতদের মধ্যে রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, আহ্বায়ক সদস্য মো. সাগর খান, মো. সায়মন ইসলাম, ছাত্রদল সদস্য মুসফিকুর রহিম, শাকিব হাসান, ইমরান হোসেন এবং ঢাকা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল ইসলাম।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
যুবদল নেতার বিরুদ্ধে মামলার তথ্য
স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর নিউ মার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চল এলাকায় প্রভাব বিস্তার করেন। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের দখল নেয়ার সময় কুপিয়ে হত্যাচেষ্টার একটি মামলায় তিনি ৪ নম্বর আসামি বলেও সূত্রটি জানিয়েছে।
তবে সংঘর্ষের ঘটনায় তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশের নিয়ন্ত্রণে পরিস্থিতি
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, সন্ধ্যার পর থেকে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন।
তিনি বলেন, রাত সাড়ে ১১টা পর্যন্ত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর ব্যস্ত নিউ মার্কেট এলাকায় ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের এমন সংঘর্ষে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সবার দেশ/কেএম




























