এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমির
‘দোষীদের খুঁজে বের করতে না পারলে সরকারকে খেসারত দিতে হবে’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে সরকারকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব, দলের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
জামায়াত আমির বলেন, হামলায় জড়িতদের অবশ্যই খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য উচ্চমূল্যে খেসারত দিতে হবে। এমন ঘটনার পর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাড়িতে হামলার খবর জানান নুসরাত তাবাসসুম। সেখানে তিনি জানান, দুর্বৃত্তরা তাঁর বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। তবে কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
ফেসবুক পোস্টে নুসরাত লেখেন, বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।
হামলার পরও নিজের অবস্থান থেকে সরে না আসার ঘোষণা দিয়ে নুসরাতের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্গনেও ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াত আমির। পাশাপাশি রাজনৈতিক মতপার্থক্য কিংবা ভিন্নমত প্রকাশের কারণে কারও বাড়িতে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়—এমন বার্তাও উঠে এসেছে তাঁর বক্তব্যে।
সবার দেশ/এফও




























