এনসিপির নারী শক্তির সদস্য সচিব পাইলট ফারিয়াল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হয়েছেন বাণিজ্যিক উড়োজাহাজের পাইলট ইথার ফারিয়াল হামিদ। পাইলট হিসেবে পরিচিতির পাশাপাশি বিমান চলাচলের নিরাপত্তা ও বিমান দুর্ঘটনা বিষয়ে উচ্চতর গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) রাতে জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর দক্ষিণের তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ইথার ফারিয়াল হামিদ।
জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক মনজিলা ঝুমার সুপারিশে কমিটিটি গঠন করা হয়। সংগঠনটির আহ্বায়ক ও সংসদ সদস্য মাহমুদা আলম মিতু এবং সদস্য সচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে সিফাত সুলতানা মিমকে। মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ফাতেমা রহমান মেঘা।
একই দিন জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর উত্তরের তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক হয়েছেন খন্দকার খালেদা আক্তার, সদস্য সচিব হয়েছেন রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হয়েছেন সালমা আক্তার।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবনিযুক্ত নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে রাজধানীতে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তি।
সবার দেশ/কেএম




























