মেজর আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে বিক্ষোভ
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানকারী নবীন সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় জামায়াত।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ থেকে আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তির দাবি জানান নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি গচিহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।
সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফার সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গচিহাটা বাজার বণিক সমিতির সভাপতি জিয়া উদ্দিন জীবন, ব্যবসায়ী মো. মানিক মিয়া, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান আরজু, মুফতি সফিউল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তির আহ্বান জানান তারা।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি বাসা থেকে আখতারুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে নেয় বলে দলীয় সূত্রে জানানো হয়।
তার গ্রেফতারের খবর কটিয়াদীতে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে রাতে গচিহাটা বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম




























