সাহিত্যের নামে পদক বাণিজ্য: প্রতিবাদের আড়ালে কার স্বার্থ?
সাহিত্যাঙ্গনে পদক ও সম্মাননা প্রদানের নামে কথিত বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে নানা বক্তব্য, পাল্টাপাল্টি প্রচারণা ও প্রতিবাদ। সম্প্রতি ‘সাহিত্যের নামে পদক বাণিজ্য বন্ধ হোক’ শিরোনামে একটি প্রচারণামূলক পোস্টার প্রকাশের পর বিষয়টি আরও আলোচনায় আসে। পোস্টারটিতে অর্থের বিনিময়ে যাচাই-বাছাই ছাড়াই লেখকদের পদক দেয়ার অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়েছে। পোস্টারের নিচে ‘সম্মিলিত সাহিত্য জোট, কেন্দ্রীয় কমিটি, দনিয়া, ঢাকা’ নাম উল্লেখ রয়েছে।
তবে এ প্রচারণাকে ঘিরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। সাহিত্যাঙ্গনের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সাহিত্য আয়োজন ও সম্মাননা কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদের মধ্য থেকেই যদি এমন প্রতিবাদ আসে, তাহলে এর পেছনের অবস্থান ও উদ্দেশ্য কতটা স্বচ্ছ? কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা হিসেবে দেখছেন। আবার কারও মতে, কোনও পক্ষের স্বার্থে আঘাত লাগার কারণেই এমন পাল্টাপাল্টি অবস্থান তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মতামত উঠে এলেও অনেক সাহিত্যপ্রেমী ও লেখকের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, অর্থের বিনিময়ে পদক দেয়ার সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন। আবার কেউ মনে করছেন, সাহিত্যাঙ্গনের অভ্যন্তরীণ বিরোধ ও সাংগঠনিক স্বার্থের দ্বন্দ্বও এ বিতর্ককে উসকে দিতে পারে।
এ বিষয়ে কয়েকজন সাহিত্যসচেতন ও প্রজ্ঞাবান ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে কেউ কেউ বিষয়টি এড়িয়ে যান। একজন গুণীজনের মন্তব্য, এতদিন ধরে যারা এসব আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা প্রতিবাদ করলেই কি এত সহজে সে কার্যক্রম থেকে সরে আসতে পারবেন? তার মতে, সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বিতর্কে জড়িয়ে পড়ার চেয়ে বাস্তব কর্মকাণ্ড ও সাহিত্যচর্চায় মনোযোগ দেয়া বেশি জরুরি।
তবে পদক বাণিজ্য নিয়ে প্রশ্ন বাংলাদেশে নতুন নয়। ২০১৭ সালে দৈনিক মানবজমিনের এক অনুসন্ধানী প্রতিবেদনে অর্থের বিনিময়ে বিভিন্ন সংগঠনের পদক ও সম্মাননা প্রদানের অভিযোগ উঠে এসেছিলো। একইভাবে ২০২২ সালে প্রকাশিত এক সাহিত্যবিষয়ক নিবন্ধে সাহিত্য সংগঠনের নামে পদক প্রদান, ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা ও সম্মাননার যথার্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ২০২৬ সালের মে মাসেও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অর্থের বিনিময়ে সম্মাননা প্রদানের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে, সাহিত্য সম্মাননা প্রদানের প্রকৃত মানদণ্ড কী? একজন লেখক তার সৃষ্টিশীলতা, সাহিত্যকর্ম, পাঠকপ্রিয়তা ও দীর্ঘদিনের অবদানের ভিত্তিতে সম্মানিত হবেন, নাকি আর্থিক সামর্থ্য, সাংগঠনিক যোগাযোগ কিংবা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে? কোনও পদক প্রদানের ক্ষেত্রে যদি নিরপেক্ষ বিচারকমণ্ডলী, স্বচ্ছ মনোনয়ন প্রক্রিয়া এবং যোগ্যতা যাচাইয়ের ব্যবস্থা না থাকে, তাহলে সে সম্মাননার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠা স্বাভাবিক।
আরও পড়ুন <<>> চলচ্চিত্র সাংবাদিকতার অগ্রপথিক ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ
অন্যদিকে, সব সাহিত্য সংগঠন কিংবা সম্মাননা আয়োজনকে একই পাল্লায় মাপাও যুক্তিসংগত নয়। অনেক সংগঠন আন্তরিকতা ও নিজস্ব অর্থায়নে সাহিত্যচর্চা, কবি-লেখকদের মিলনমেলা এবং গুণীজনদের সম্মাননার আয়োজন করে থাকে। তাই অভিযোগের ভিত্তিতে কাউকে অপরাধী সাব্যস্ত না করে প্রয়োজন যথাযথ অনুসন্ধান ও প্রমাণভিত্তিক মূল্যায়ন।
সাহিত্য কোনও ব্যক্তিগত প্রতিপত্তি প্রতিষ্ঠার হাতিয়ার নয়; এটি মানুষের মনন, মানবিকতা ও সৃজনশীলতার প্রকাশ। পদক একজন লেখকের কাজের স্বীকৃতি হতে পারে, কিন্তু পদকই কখনও একজন লেখকের যোগ্যতার চূড়ান্ত মাপকাঠি নয়। প্রকৃত মূল্যায়ন করেন পাঠক, সময় ও সাহিত্যকর্ম।
তাই সাহিত্যের নামে পদক বাণিজ্যের অভিযোগ থাকলে তার স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে যারা প্রতিবাদের কথা বলছেন, তাদেরও নিজেদের অবস্থান, অতীত কার্যক্রম ও বর্তমান উদ্যোগ সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন।
শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, সাহিত্যের মর্যাদা রক্ষার এই উদ্যোগ কি সত্যিকারের সংস্কার আন্দোলন, নাকি এর আড়ালে রয়েছে নতুন কোনো স্বার্থের সমীকরণ? সাহিত্যের মতো একটি পবিত্র অঙ্গনে পদক বা বাণিজ্যের মতো অনৈতিক চর্চা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন পুরোনো হলেও এর প্রতিবাদকারীদের ভূমিকা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। এই আন্দোলন শেষ পর্যন্ত সাহিত্যের শুদ্ধাচার ফিরিয়ে আনতে সফল হবে, নাকি এটি নিছক কোন্দল ও স্বার্থের লড়াই হিসেবেই থেকে যাবে, এখন সেটাই দেখার বিষয়।
সময়ই হয়তো সে প্রশ্নের উত্তর দেবে। তবে সাহিত্যকে বাণিজ্যের ঊর্ধ্বে রাখা এবং প্রকৃত লেখককে যথাযথ মূল্যায়ন করাই হওয়া উচিত সবার সম্মিলিত অঙ্গীকার।
লেখক: সাংবাদিক ও কবি




























