হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন দুদকের
১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ, পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা; যুক্তরাষ্ট্রে জয়ের নতুন সম্পদের সন্ধান।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় আইনি প্রক্রিয়া জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি। একই সঙ্গে এসব মামলার অনুসন্ধান ও তদন্তে দেশে-বিদেশে ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
দুদক সচিব জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২৪টি মামলা দায়ের করেছে কমিশন। এর মধ্যে সাতটি মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। এসব মামলার অনুসন্ধান ও তদন্তের অংশ হিসেবে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ জব্দের ব্যবস্থা নেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে কমিশন। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনকে কেন্দ্র করে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাটের মাধ্যমে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের প্রায় ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং আটটি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও তদন্তাধীন রয়েছে।
সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও দুদকের অনুসন্ধানের আওতায় রয়েছে।
সংবাদ সম্মেলনে দুদক সচিব আরও জানান, সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে নতুন করে কিছু সম্পদের সন্ধান পেয়েছে কমিশন। এসব সম্পদের প্রকৃত মালিকানা ও বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সাইদুর রহমান খান বলেন, মামলার সংখ্যা বাড়ানো নয়, বরং তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ এবং বিচার নিশ্চিত করাই দুদকের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, এসব মামলার আসামিদের বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।
সবার দেশ/এমকেজে




























